ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে গত রোববার রাতে কালবৈশাখীর সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝড়ে তিনটি গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।এদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একই রাতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।ত্রিশাল: স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের গোপালপুর, নারায়ণপুর ও আমিরাবাড়ী গ্রামে রোববার রাত ১০টার দিকে আকস্মিক ঝড় বয়ে যায়। এতে তিন শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর ভেঙে যায়। গুজিয়াম আমিরাবাড়ী উচ্চবিদ্যালয়ের ভবনটির ছয়টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের গোপালপুর গ্রামের ঘরের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারের ওপর বজ্র পড়ে। এতে কম্পিউটার বিদ্যুতায়িত হয়ে আজিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৭) মারা যান। শফিকুল জার্মানি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে কম্পিউটারে কাজ করছিলেন। ঝড়ে উপজেলার আরও কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমিরাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান জানান, ‘এই গ্রামে আমার বাড়িসহ দেড় শটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা খানমের একটি বাগানের এক শ মেহগনি গাছ ভেঙে পড়েছে।কটিয়াদী: প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ঝড় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে তা বয়ে যায়। এ সময় প্রচণ্ড বাতাসের ঝাপটায় উপজেলার চারটি ইউনিয়নের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ইউনিয়নগুলো হলো করগাঁও, সহশ্রাম ধূলদিয়া, বনগ্রাম ও মুমুরদিয়া। উপজেলার প্রায় সব এলাকায় অনেক গাছপালা ভেঙে গেছে, কয়েক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে এবং অন্তত ৩০টি মুরগির খামার লন্ডভন্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারের মালিকেরা দাবি করেন, এতে তাঁদের অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা সদর ছাড়া অন্যান্য জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. সাইফুল ইসলাম জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবেন তিনি।