ত্রিশালে ঝড়ে দুই নারীর মৃত্যু, ২০০ ঘর লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে আকস্মিক ঝড়ে প্রায় ২০০ বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ভেঙে পড়া ঘরের নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয়। একের পর এক কাঁচাঘর ভেঙে পড়তে থাকে। ঝড়ের মুখে রামপুর ইউনিয়নের দরিল্যা কাকচর গ্রামের একটি বাড়িতে পার্শ্ববর্তী কাঁঠাল ইউনিয়নের তেঁতুলিয়াপাড়া থেকে বেড়াতে আসা নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী মুর্শিদা খাতুন আশ্রয় নেন। হঠাৎ ওই ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে ঘরটি ভেঙে পড়ে। ভাঙা ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মুর্শিদা নিহত এবং তাঁর স্বামী নুরুল ইসলাম গুরুতর আহত হন। অন্যদিকে উপজেলার ধানীখোলা কাটাখালী গ্রামে একইভাবে ভেঙে পড়া ঘরের নিচে পড়ে রমিছা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া, মৈশাটিকি, রামপুর কাকচর, দরিল্যা ও বীররামপুর গ্রামে প্রায় ২০০ কাঁচা ঘর ভেঙে পড়ে।