ময়মনসিংহ ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ ও কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

ময়মনসিংহ: জেলার ত্রিশাল উপজেলার রাগামারা এলাকায় আজ সকালে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লাল মিয়া (৩০) ও মো. মুক্তাদির (৪০)। তাঁদের বাড়ি ত্রিশাল উপজেলার চেয়ারম্যানবাড়ি বাগান এলাকায়।

ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক লাল মিয়া ও মুক্তাদিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত দুজনের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার: জেলা শহরের লিংক রোড সড়কে আজ সকালে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী এলাকার হুমায়ুন আহমদ (৩২) ও তৌহিদুল ইসলাম (৩০)।

আহত হয়েছেন একই এলাকার মিজানুর রহমান, শাহাবউদ্দিন ও মফিজুর রহমান। আহতদের মধ্যে মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সকাল ১০টার দিকে রামু থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি লিংকরোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হলে এই হতাহতের এই ঘটনা ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালকেরা পালিয়ে গেছেন। নিহত দুজনের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।