ত্রিশালে ট্রাকচাপায় দুই ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় দশম শ্রেণির দুই ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দুই ছাত্রী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীরা হলো ত্রিশাল পৌর শহরের নওধার এলাকার রিপা আক্তার (১৪) ও কোনাবাড়ি গ্রামের নাদিয়া বিনতে হোসাইন (১৫)। আহত ছাত্রীদের নাম জানা যায়নি। দুর্ঘটনায় হতাহত সবাই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

ত্রিশাল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রিপা ও নাদিয়াসহ চার ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ত্রিশাল পৌর শহরের লেকের পাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে তারা আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রিপা ও নাদিয়া মারা যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছাত্রীদের চাপা দেওয়া ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। বেলা তিনটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।