ত্রিশালে দিনদুপুরে দুজনকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল সোমবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুজনকে কুপিয়ে হত্যা ও একজনকে আহত করেছে দুর্বৃত্তরা।
নিহত দুই ব্যক্তি হলেন উপজেলার সতেরপাড়া গ্রামের আবুল কালাম ওরফে গেনুর ছেলে রফিকুল ইসলাম (২৫) ও তাঁর চাচাতো ভাই শামছুল হকের ছেলে ওসমান গনি (৩৫)। তাঁরা দুজনই কৃষক। আহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (৩২)। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সোমবার দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামে গাছ কাটা নিয়ে আদম আলীর সঙ্গে একই এলাকার রফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আদম আলী ও তাঁর লোকজন দা, লাঠি নিয়ে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। রফিকুলকে বাঁচাতে তাঁর চাচাতো ভাই ওসমান গনি এগিয়ে এলে তাঁর ওপরও হামলা চালানো হয়। এ সময় ওসমানের ভগ্নিপতি আসাদুল ইসলাম এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। হামলায় ঘটনাস্থলেই রফিকুল নিহত হন। এলাকাবাসী গুরুতর আহত ওসমান গনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। আসাদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও গুরুতর।
এলাকাবাসী জানান, মরিচের খেতের ওপর গাছ কেটে ফেলে রাখায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। মুহূর্তেই তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সময় এলোপাতাড়ি দায়ের কোপে রফিকুল ও ওসমান নিহত হয়। ঘটনার পর আদম আলীর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
ওসি ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে। আসামি ধরার চেষ্টা চলছে।