ত্রিশালে দিনভর অপেক্ষা করেও মিলছে না ওএমএসের চাল
চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ময়মনসিংহের ত্রিশালে ওএমএসের চালের জন্য এখন দীর্ঘ লাইন। সারা দিন অপেক্ষা করেও চাল না পেয়ে খালি ব্যাগ নিয়ে ফিরছে অনেকে।চালের জন্য শেষ রাত থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন দিনমজুর আমজত আলী (৪৫)। চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘টেহা দেয়াও চাইল পাই না, খামু কী? সরহাররে কইন বেশি হইরা চাইল দিত, যেন খাইল্যা বেগ লইয়া বাড়িত যাইন না লাগে।’ শুধু আজমত আলী নন, তাঁর মতো শত শত নারী-পুরুষের কণ্ঠেও একই কথা।ওএমএসের চাল কিনতে নির্ধারিত সকাল নয়টার আগেই ডিলারের দোকানের সামনে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শত শত শিশু, নারী ও পুরুষ। মাথাপিছু পাঁচ কেজি করে প্রতি ডিলারের দৈনিক ২০০ জনকে দেওয়ার নিয়ম থাকলেও চাল মিলছে না অনেকের।গত রোববার ত্রিশাল পৌরসভার কয়েকটি ওএমএসের দোকান ঘুরে দেখা গেছে, কম দামে চাল সংগ্রহ করতে ভোররাত থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত চাল।ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ব্যর্থ হয়ে অনেকে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। চালের বাজারে আগুন লাগায় অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের লোকজনও ওএমএসের চাল কিনতে লাইনে দাঁড়াচ্ছে। ত্রিশালে চাল সংগ্রহকারীর সংখ্যা বেশি থাকলেও সে অনুযায়ী সরবরাহ নেই। চাল না পাওয়া মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ।ত্রিশাল উপজেলা খাদ্য কর্মকর্তা আক্কাছ আলী জানান, এখানে ওএমএসের ডিলার রয়েছেন সাতজন। এর মধ্যে পৌর এলাকায় চাল বিতরণ করেন চারজন। সপ্তাহে পাঁচ দিন প্রতি ডিলারের দোকানে এক হাজার কেজি করে চাল দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডিলারের সংখ্যা বাড়ানোসহ চালের পরিমাণ বাড়িয়ে দিলে নিম্ন আয়ের মানুষের দুর্দশা কিছুটা লাঘব হতো।পৌরসভার হাসানোজ্জামান ডিলারের দোকানে ভিড়ের মধ্যে চাল না পেয়ে ফিরে যাওয়া বৃদ্ধা কছিমন (৫৫) জানান, ‘যাদের গতরে জোর আছে, তারাই চাল পাইব।’ কান্নাজড়ানো কণ্ঠে তিনি বলেন, ‘আজইকা বেশি দাম দিয়া চাইল কিন্না খাইতে অইব, অত টেহা পাইয়াম কই?’