ত্রিশালে দুই কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ সোমবার দুপুরে দুজনকে কুপিয়ে হত্যা ও একজনকে আহত করেছে দুর্বৃত্তরা।

নিহত ব্যক্তিরা সবাই কৃষক। তাঁদের নাম রফিকুল ইসলাম (২৫) ও ওসমান গনি (৩৫)। আহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রফিকুল ও ওসমান সম্পর্কে চাচাতো ভাই। আহত আসাদুল হলেন ওসমানের বোনের জামাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামে মরিচের খেতের ওপর গাছ কেটে ফেলে রাখায় কৃষক আদম আলীর সঙ্গে একই এলাকার রফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আদম আলী ও কয়েকজন দা-লাঠি নিয়ে রফিকুল ইসলামের ওপর হামলা করে। তাকে বাঁচাতে চাচাতো ভাই ওসমান গনি এগিয়ে গেলে তাঁর ওপরও  হামলা চালানো হয়। এ সময় ওসমানের বোনের জামাই আসাদুল ইসলাম এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি দায়ের কোপে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম (২৫) নিহত হন। এলাকাবাসী গুরুতর আহত ওসমান গনিকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ওসমানের বোনের জামাই আসাদুল ইসলামকে (৩২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার পর আদম আলীর বাড়ির লোকজন পালিয়ে গেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান।