ত্রিশালে দুই শিশুকে হত্যা, একজনকে পুুলিশে সোপর্দ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় গতকাল বৃহস্পতিবার রাতে তানিয়া (৮) ও আবদুল লতিফ (১০) নামের দুই চাচাতো ভাইবোনকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শিশুদের বাঁচাতে গেলে তাদের দুলাভাই এনামুল মিয়াকেও (৩০) কোদাল দিয়ে আহত করা হয়।ঘটনার পরপর হামলাকারী মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে হতাহতদের পরিবারের লোকজন। নিহত তানিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল কসাইয়ের মেয়ে এবং লতিফ জামালের ভাই বাবুল কসাইয়ের ছেলে। আর এনামুল নিহতদের চাচাতো বোনের স্বামী। আটক মিন্টুর বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন। এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, মিন্টু গতকাল সন্ধ্যার পর তানিয়া ও লতিফকে নিয়ে তিন নম্বর ওয়ার্ডে কসাইবাড়ির সামনে খেলছিলেন। রাত আটটার দিকে হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেয়ে ওই বাড়ির জামাই এনামুল এগিয়ে গিয়ে দেখতে পান তানিয়া ও লতিফকে কোদাল দিয়ে আঘাত করছেন মিন্টু। এ দৃশ্য দেখে তিনি চিৎ কার শুরু করলে মিন্টু তাঁকেও কোদাল দিয়ে আঘাত করেন। তাঁর চিৎ কারে বাড়ির লোকজন এসে তিনজনকে উদ্ধার করে এবং মিন্টুকে ধরে পিটুনি দেয়। আহত তিনজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎ সাধীন অবস্থায় তানিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লতিফের মৃত্যু হয়।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহবুবুল হক প্রথম আলোকে জানান, শিশুদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তিনি সেখানে ছিলেন। আনার সঙ্গে সঙ্গে তানিয়ার মৃত্যু হয়। অবস্থা গুরুতর হওয়ায় আরেক শিশু লতিফকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। আহত এনামুল জানান, ‘মিন্টু শিশুদের কোদাল দিয়ে মাথায় আঘাত করে। আমি তাদের বাঁচাতে গেলে মিন্টু আমাকে কোদাল দিয়ে আঘাত করে।’এলাকাবাসী জানান, মিন্টু দীর্ঘদিন ধরে চরপাড়া এলাকায় দিনমজুরের কাজ করলেও মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করত বলে কেউ কেউ তাকে ‘পাগল’ বলত। জামাল কসাইয়ের বড় ভাই হেলাল কসাই জানান, ‘মিন্টু আমাদের বাড়িতে দিনমজুরের কাজ করত। সে পাগল না। আকস্মিক সে কেন এই অবুঝ শিশু দুটিকে হত্যা করল আমি বুঝতে পারছি না। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ত্রিশাল থানার দায়িত্বরত কর্মকর্তা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম জানান, ঘটনার পরপর পুলিশ গিয়ে মিন্টুকে আটক করে। সে মুখ খুলছেন না। তবে কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। এএসআই শামীম জানান, নিহতদের পরিবার এখনো কোনো মামলা করেনি। কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।