ত্রিশালে নদীর গতিপথ বন্ধ করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার ভেতর দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদী দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। ছবিটি গতকাল উপজেলা সদরের বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার ভেতর দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদী দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। ছবিটি গতকাল উপজেলা সদরের বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহরে সুতিয়া নদীর গতিপথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন এ অভিযোগ করেন। তবে স্থাপনা নির্মাণকারী ব্যক্তির দাবি—ওই জমির মালিকানা তাঁর।
ত্রিশাল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ঘেঁষে সুতিয়া নদীর ওপর ইসমাইল প্লাজা নামের একটি দোতলা ভবন রয়েছে। এটি আনুমানিক দুই বছর আগে নির্মাণ করা হয়। পরে ইসমাইল প্লাজা সম্প্রসারণকাজ শুরু হয়। সম্প্রসারণকাজে সুতিয়া নদীর অংশ দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে কাজে বাধা দেয় উপজেলা প্রশাসন। এতে কাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারও শুরু হয়েছে সম্প্রসারণকাজ। তৎকালীন ইউএনওকে বিবাদী করে স্থাপনা নির্মাণকারী ব্যক্তি দুই বছর আগে সহকারী জজ আদালতে মামলা করেন। আদালতে মামলা থাকায় উপজেলা প্রশাসন আপাতত কাজ বন্ধ করতে পারছে না। তবে ওই অংশ নদীর বলে দাবি উপজেলার প্রশাসনের।
গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর ঘেঁষে সুতিয়া নদীর জায়গা। নদীর অংশেই চলছে ইসমাইল প্লাজার সম্প্রসারণকাজ। এ সময় স্থানীয় লোকজন বলেন, যে অংশে ইসমাইল প্লাজার সম্প্রসারণকাজ চলছে বর্ষাকালে নদীর পানি ওই অংশ পর্যন্ত ওঠে। তাঁরা ওই অংশকে সুতিয়া নদী বলে জেনে আসছেন। তাঁদের অভিযোগ বর্ষা মৌসুমে ইসমাইল প্লাজা ও এর সম্প্রসারিত অংশ সুতিয়া নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে। এ ছাড়া এই অংশে স্থাপনা হলে নদীটি সরু হয়ে পড়বে।
স্থানীয় লোকজনের আরও অভিযোগ, সুতিয়া নদীর ওপর উপজেলা সদরের বিভিন্ন অংশে ছোট ছোট আরও দখলের ঘটনা আছে। ওই সব অবৈধ দখলের কারণে বিভিন্ন অংশে নদী সরু হয়ে পড়েছে। সুতিয়া নদীতে সব ধরনের অবৈধ দখল যেন উচ্ছেদ করা হয়।
ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অবেদিন বলেন, দুই বছর আগে ইসমাইল প্লাজার সম্প্রসারণকাজ শুরু হলে ইউএনও রাশেদুল হাসান বাধা দেন। এতে কাজ বন্ধ থাকে। পরে ইউএনও সড়ক দুর্ঘটনায় মারা যান। সম্প্রতি আবার কাজ শুরু হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করার কথা বলা হয়। কিন্তু ইসমাইল প্লাজার মালিক শহীদুল ইসলাম বলেন, ওই জায়গা তাঁর মালিকানাধীন। চেয়ারম্যান জয়নাল অবেদিন আরও বলেন, ‘ওই জমি ব্যক্তিমালিকানাধীন না কি নদীর, সেটি আদালত নির্ধারণ করবেন। তবে জায়গাটি যে স্পষ্টতই নদীর, তাতে উপজেলাবাসীর কোনো সন্দেহ নেই। এভাবে নদীতে স্থাপনা নির্মাণ নদীশাসন আইন কতটুকু সমর্থন করে জানি না।’
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন বলেন, ‘রেকর্ড অনুযায়ী জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হলেও সরেজমিন এটি সুতিয়া নদী। এই জায়গাটি নদীর স্বাভাবিক গতিপথ। নদী বাঁচাতে আমরা এই রেকর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
ইসমাইল প্লাজার স্বত্বাধিকারী শহীদুল ইসলাম বলেন, ‘পূর্বপুরুষ থেকেই আমরা ওই জমির খাজনা দিয়ে আসছি। এটি কোনোভাবেই নদী নয়। কাজেই নদী দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ সঠিক নয়।’