ত্রিশালে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের দুই দিন পর সজীব মিয়া নামের আট বছরের এক শিশুর লাশ ধানখেতে পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে লাশটি পাওয়া যায়। গত বুধবার থেকে সজীব মিয়া নিখোঁজ ছিল।
সজীব মিয়ার বাড়ি ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শফিকুল ইসলাম।
ত্রিশাল থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সজীব নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে নানা জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও সজীবের সন্ধান পাওয়া যায়নি। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শফিকুল ইসলাম ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করার প্রক্রিয়া চলাকালে সজীবের লাশ বাড়ির পাশের একটি ধানখেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। বেলা দুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে শিশু সজীবকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।