ত্রিশালে নিহত ১, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের লোকজনের হামলায় মোফাজ্জল হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নোয়াখালী সদর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ত্রিশাল (ময়মনসিংহ): ২৫ জুন ত্রিশাল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী তাসলিমা খাতুন হেরে যান। তিনি স্থানীয় সোহরাব হোসেন কবিরাজের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী বিবরণ অনুযায়ী, গত সোমবার নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে সোহরাব কবিরাজের সঙ্গে ওই ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সাবেক চেয়ারম্যান সোহরাবের লোকজন দা, লাঠি ও রড নিয়ে রাঘামারা বাজারে সোহরাব কবিরাজের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় মোফাজ্জল হোসেন বাধা দিতে গেলে দায়ের উল্টো পিঠ দিয়ে তাঁকে আঘাত করা হয়। স্থানীয় লোকজন মোফাজ্জলকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে মোফাজ্জলের মৃত্যু হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার গতকাল রাত আটটার দিকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী: পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল হাসান শতাধিক সমর্থক নিয়ে ভাটিরটেক-চৌমুহনী বাজারে অপর চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই কার্যালয়ের সামনে থাকা আবদুর রহমানের কর্মীদের সঙ্গে মঞ্জুরুলের সমর্থকদের তর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত নয়টার দিকে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফার সমর্থকেরা মঞ্জুরুলের পক্ষে সংঘর্ষে অংশ নেয়। ফলে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়। নোয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অপরদিকে সোমবার দিবাগত রাত তিনটার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্লাপুর গ্রামে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামের বাড়িতে হামলা ও ঘরে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ ও গ্রামবাসী সূত্রের বর্ণনা অনুযায়ী, সদর উপজেলার নাটাই ইউপির সদস্য পদে পরাজিত প্রার্থী বিরাশার গ্রামের মো. রজব আলী ও বিজয়ী প্রার্থী মো. বাদল মিয়ার লোকজন সোমবার বেলা তিনটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত চলা এই সংঘর্ষের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকাল সাতটায় উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের লোকজনই অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে সদর থানার পুলিশ, দাঙ্গাপুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই দিনের এ সংঘর্ষের সময় কমপক্ষে ৪০টি বসতবাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ সোমবার থেকে এলাকায় বিদ্যুৎসংযোগ বন্ধ রেখেছে।গতকাল বিকেলে সহকারী পুলিশ সুপার মো. আবু শহীদ সারোয়ার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।