ত্রিশালে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার ভাটিপাড়া গ্রামে পানিতে ডুবে হাফিজা আক্তার (১০) ও মাজেদা আক্তার (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরিবার ও ত্রিশাল থানার পুলিশ সূত্র জানায়, ভাটিপাড়া গ্রামের মৃত আবদুল হালিমের দুই মেয়ে হাফিজা ও মাজেদা ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। মা জুলেখা আক্তার (৩২) অন্যের বাড়িতে কাজ করে তাদের লেখাপড়া শেখাচ্ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে দুস্থদের জন্য খাবারের আয়োজন করা হয়। সেখানে খাবার খেতে গিয়ে শিশু দুটি বৃহস্পতিবার আর বাড়ি ফেরেনি। গতকাল বাড়ির পাশের পুকুরে তাদের লাশ পাওয়া যায়। হাফিজা ও মাজেদার চাচা হোসাইন মিয়া বলেন, ‘বিদ্যালয় থেকে ওরা সম্ভবত বৃষ্টিতে ভিজে ফিরছিল এবং পুকুরে গোসল সেরে বাড়িতে ঢুকতে চেয়েছিল। কিন্তু ওরা সাঁতার জানত না। দুই মেয়েকে হারিয়ে জুলেখা আক্তার এখন পাগলপ্রায়।’ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।