ত্রিশালে প্রতিপক্ষের হামলায় যুবদলের কর্মী নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কানিহারী ইউনিয়ন যুবদলের কর্মী সোহেল মিয়া (২৮) গত সোমবার মারা গেছেন। গত শনিবার ওই ইউনিয়নের ডাক বাঘাদারিয়া গ্রামে হামলার ঘটনাটি ঘটে। এতে সোহেল ও তাঁর ছোট ভাই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া আহত হন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে সোহেলকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রাজন মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।পুলিশ ও এলাকাবাসী জানান, গত শনিবার দুপুরে ডাক বাঘাদারিয়া গ্রামের বেপারিবাড়িতে খড় শুকানোকে কেন্দ্র করে রাকিব, আশিক ও রনিসহ কয়েকজনের সঙ্গে সোহেলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সোহেলকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে রাজন মিয়াও প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত হন। পরে এলাকাবাসী আহত দুই ভাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাত আটটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান। একই দিন রাতে সোহেলের লাশ ত্রিশাল নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আহত রাজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হয়।সোহেলের বাবা কানিহারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুস সালাম বলেন, ‘আমার দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায় রাকিব, আশিক, রনিসহ তাদের সহযোগীরা। আওয়ামী লীগের মদদে এলাকায় তারা ত্রাসের রাজত্ব করছে।’সোহেলের মামা মো. রেজাউর রহমান জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে সোহেলদের বিরোধ ছিল। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য অন্য পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।