ত্রিশালে প্রস্তাবিত বিমানবন্দরের সীমানা পুনর্নির্ধারণের দাবি
ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বাছাই করা ত্রিশাল উপজেলার ঘনবসতিপূর্ণ কয়েকটি গ্রাম বাদ দিয়ে সীমানা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষা কমিটি’। এ সময় তারা সীমানা পুনর্নির্ধারণ না করলে আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়। পরে স্থানীয় ঈদগাহ ময়দানে কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ সমাবেশ করে।খাগাটি ঈদগাহ উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঘনবসতিপূর্ণ রক্ষা কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। এতে তিনি উল্লেখ করেন, ত্রিশালের চেলেরঘাটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সাত কিলোমিটার এবং মঠবাড়ী, মোক্ষপুর ও আমীয়াবাড়ী ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার এলাকা নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হয়েছে। যদি এ প্রস্তাব অনুযায়ী অস্থায়ী বিমানবন্দর স্থাপন করা হয়, তাহলে এখানকার ২২টি মসজিদ, সাতটি উচ্চবিদ্যালয়, ১৭টি প্রাথমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা, ২৭টি গভীর নলকূপ এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়বে। সে জন্য এসব ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ তাদের ভিটেমাটি রক্ষার দাবিতে আন্দোলন করছে। প্রস্তাবিত বিমানবন্দরটি শুধু চেলেরঘাটের সাত কিলোমিটার এলাকায় স্থাপন করা হলে ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষা পাবে এবং বিমানবন্দর স্থাপনে কোনো বসতি উচ্ছেদ করতে হবে না।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম মাস্টার প্রমুখ।