ত্রিশালে প্রাইভেট কার থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল শনিবার প্রাইভেট কারের পেছনে মালামাল রাখার স্থান (বনেট) থেকে পলি (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির সাবেক চালক ফখরুল আহমেদ (২৮), ময়মনসিংহে মঞ্চনাটকের সরঞ্জাম ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান ‘সাজঘর’-এর মালিক আবদুর রহিম (৪৫) ও ব্যবস্থাপক আবদুল আজিজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।ত্রিশাল থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক ত্রিশালের রড, সিমেন্ট ও চালকলের ব্যবসায়ী খাইরুল বাশার। তাঁর গাড়ির সাবেক চালক ফখরুল ইসলাম গতকাল সকালে উপজেলার বীরবামপুর গ্রামের বাড়িতে আসেন। ফখরুল তাঁকে জানান, এক ব্যক্তি ফখরুলের মুঠোফোনে কল করে জানিয়েছে, বাশারের গাড়ির ভেতরে একটি মেয়ের লাশ আছে। ব্যবসায়ী বাশার জানান, গাড়িটি তাঁর বাড়িতে তিন-চার দিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। চাবি ছিল নতুন চালক রুবেলের কাছে। লাশ থাকার কথা শুনে তিনি ত্রিশাল থানার পুলিশকে খবর দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বীরবামপুর গ্রামে বাশারের বাড়িতে গিয়ে গাড়ির তালা খুলে বনেটে এক কিশোরীর লাশ দেখতে পান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।পুলিশ তখনই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাড়ির সাবেক চালক ফখরুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ফখরুল পুলিশকে জানান, পলির মৃতদেহ তিনি ময়মনসিংহের ‘সাজঘর’ থেকে নিয়ে এসেছেন। এরপর সাজঘরের মালিক আবদুর রহিম ও ব্যবস্থাপক আবদুল আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, ধারণা করা হচ্ছে, ফখরুল শ্বাসরোধ করে কিশোরী পলিকে হত্যা করে লাশ গোপনে গাড়ির বনেটে রেখে দেন। তবে তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না। ওসি জানান, ফখরুল হত্যার কথা স্বীকার করেছেন। তবে আর কে কে এ ঘটনার সঙ্গে জড়িত তা বলেননি। এ ব্যাপারে ত্রিশাল থানা পুলিশ হত্যা মামলা করেছে। গাড়ির মালিক ব্যবসায়ী খাইরুল বাশার দাবি করেন, হত্যার ঘটনায় তাঁকে ফাঁসাতে এ ঘটনা ঘটানো হয়েছে।