ত্রিশালে বাসচাপায় ইউএনও নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম ওরফে মুশরিফ (৩৮) বাসচাপায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর পৌর শহরের লোহাগাছ এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক গিয়াস উদ্দিন মাস্টারের তৃতীয় ছেলে। গতকাল বুধবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় তাঁর বাড়ি লোহাগাছ গ্রামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল মোহামেদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিন বিল্লাহ ফারুকী, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভালুকার ইউএনও কামরুল আহসান তালুকদার, ময়মনসিংহ সদরের ইউএনও এস এম ফয়জুল হক, কাপাসিয়ার ইউএনও আনিসুর রহমান, শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী আকন্দ, কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাশেদুল ইসলাম ভূমি কার্যালয়ের কর্মচারী নসর উদ্দিনের মোটরসাইকেলে চড়ে উপজেলার হদ্দের ভিটা গ্রামে একটি বিরোধপূর্ণ জমি দেখতে যান। সন্ধ্যায় ফেরার পথে বৈলর এলাকায় পৌঁছালে ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত নসর উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কটিয়াদীতে দুর্ঘটনায় নিহত ৩: ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের পাগলা উপজেলা সদরের জনাব আলী (৫৫), তাঁর স্ত্রী সালমা খাতুন (৪৫) ও মেয়ে কেয়া (৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জনাব আলী পরিবার নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে থাকতেন। জনাব আলীর এক ছেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাদির একটি রেস্তোরাঁয় কাজ করেন। কিশোরগঞ্জে ছেলের সঙ্গে বসবাস করতে মঙ্গলবার আসবাব নিয়ে একটি পিকআপ ভ্যানে জনাব আলী কিশোরগঞ্জ যাচ্ছিলেন। রাত সোয়া ১১টার দিকে পিকআপটি কটিয়াদীর কদমতলী এলাকা অতিক্রম করার সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলে জনাব আলী ও কেয়ার মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় রাতেই সালমাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, পিকআপ জব্দ করা গেলেও চালককে আটক করা যায়নি।