ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার অনেকে ও পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল মতিন সরকারের ত্রিশালের বাসভবনের তিনতলায় মাচা বাঁধার কাজ করছিলেন তিন শ্রমিক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নির্মাণশ্রমিক আরিফ হোসেন (২৬) মারা যান। এ ছাড়া আরেক শ্রমিক নিহত ব্যক্তির সহোদর আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলপাড়া গ্রামে। তাঁদের বাবার নাম মোমিনুল ইসলাম। ঘটনার পর থেকে ত্রিশালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে জানান, শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।