ত্রিশালে ভবন ধসে পড়ার ভয়ে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয় ভবনের কলম ও বিমে ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা উঠে রড বের হয়ে গেছে। বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে, মাঠের জলাবদ্ধতায় পানি উপচে কক্ষে ঢোকে। আতঙ্ক আর ভোগান্তি এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের নিত্যসঙ্গী।

প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের নামে এর নামকরণ করা হয়। সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৯৯৫ সালে বিদ্যালয় ভবনটি নির্মাণ করে। এর কয়েক বছর পরই এতে ফাটল দেখা দেয়। এ বছর কলম ও বিমে ফাটল দেখা দেয়। ছাদের পলেস্তারা উঠে রড পর্যন্ত বেরিয়ে গেছে। এখান দিয়ে চুইয়ে বৃষ্টির পানি পড়ে ভবনটিই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এ ভবনেই কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন বলে জানান প্রধান শিক্ষক।

এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ৪৫৮ শিক্ষার্থী আছে। টিনশেডে নির্মিত ছয়টি শ্রেণীকক্ষ ছাড়া বাকি যাবতীয় পাঠদান ও দাপ্তরিক কাজ চলে পাকা ভবনে। বর্ষাকালে মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টি হলে এ পানি শ্রেণীকক্ষ পর্যন্ত চলে আসে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এক দিন বৃষ্টি হলে কয়েক দিন পর্যন্ত পানি জমে থাকে। একদিকে ওপর থেকে চুইয়ে পড়া বৃষ্টি আর অপরদিকে জলাবদ্ধতার পানি। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে বিজ্ঞানাগারের মূল্যবান যন্ত্রপাতি।

ছাত্রীদের একটি মিলনায়তন আছে। সেখানেও বৃষ্টি ও জলাবদ্ধতার পানি জমে ছাত্রীরা সময় কাটাতে পারে না। স্থানাভাবে নেই কোনো পাঠাগার। এ ছাড়া পানীয় জলের জন্য একটি নলকূপ থাকলেও সেটির পানিতে প্রচণ্ড আয়রন ও দুর্গন্ধ। ফলে বিদ্যালয়ে পানিটা পর্যন্ত খেতে পারে না শিক্ষার্থীরা। ভবন ধসে পড়ার আতঙ্কের সঙ্গে সঙ্গে এ ধরনের ভোগান্তি বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

শিক্ষার্থী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলে, ‘বৃষ্টি হলে আমাদের জুতা খুলে হাঁটু পর্যন্ত প্যান্ট তুলে বাড়ি যেতে হয়। কাদায় ভরে থাকে বলে আমরা মাঠে খেলতে পারি না। আর ক্লাসে ঢুকলে তো মাথায় ছাদ ধসে পড়ার ভয় সব সময়ই করে।’

আরেক শিক্ষার্থী উম্মে কুলসুম জানায়, ক্লাসরুম, কমনরুম সবখানে একই দশা। ভয় লাগে কখন যে ছাদটা ভেঙে পড়ে। স্যাররাও ভয়ের মধ্যেই অফিস করেন।

প্রধান শিক্ষক জানান, ‘বিদ্যালয় ভবনের দশাসহ সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইউএনও স্যারের মাধ্যমে আবেদনও করেছি।’