ত্রিশালে মাদ্রাসাছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার গ্রেপ্তার ১
ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বৃস্পতিবার এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানার পুলিশ। ঝগড়া হওয়ার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করেন এক গৃহবধূ। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ত্রিশাল থানার পুলিশ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে জাহেরা খাতুনকে (৩২) গ্রেপ্তার করে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর বড় পুকুরপাড় এলাকায় অবস্থিত রয়েল ফিশারিজের আবাসিক এলাকায় মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী একরামুল হাসান (৮) তার পাশের বাসার ফিশারির নিরাপত্তারক্ষী হুমায়ুন কবীরের বাসায় প্রায়ই বাচ্চাদের সঙ্গে খেলা করত। মঙ্গলবার খেলা নিয়ে হুমায়ুন কবীরের স্ত্রী একরামুলকে গালিগালাজ করেন। বুধবার সে আবার বাচ্চাদের সঙ্গে খেলতে গেলে একরামুলকে জাহেরা খাতুন গলা টিপে হত্যা করে পালিয়ে যান। তাঁর স্বামী হুমায়ুন তখন ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে লাশ দেখে লাশ বস্তায় ভরে পার্শ্ববর্তী একটি ধানখেতে ফেলে রেখে তিনি তাঁর তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান।গ্রেপ্তার হওয়া জাহেরা খাতুন জানান, তিনি ঠান্ডা মাথায় একরামুলকে খুন করেছেন। পূর্ববর্তী জিদের কারণে এ হত্যা করেন। তাঁকে এ কাজে কেউ সহযোগিতা করেনি।