ত্রিশালে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পৌর শহরের দরিরামপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের সাংসদ রেজা আলীর কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন, আব্দুল হাই (৪৫), হজরত আলী (৬০), সোহেল মিয়া (২৭), ফখরুল ইসলাম (৩৮) ও সাখাওয়াত হোসেন (৪০)। তাঁদের মধ্যে চারজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সাংসদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছলিমপুর দাখিল মাদ্রাসার সভাপতি পদের জন্য চারজনের নাম সুপারিশ করে ওই মাদ্রাসার সুপার ইব্রাহীম খলিল সাংসদের কাছে পাঠান। বিষয়টি সুরাহার জন্য সাংসদ রেজা আলী গতকাল রাতে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠক করছিলেন। এ সময় সভাপতি পদের দুই প্রার্থী আবদুল হাই ও ফখরুল ইসলামের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কার্যালয়ের বাইরে দুই পক্ষের লোকজন লাঠি, দা ও রড নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হজরত আলী বলেন, ‘সাংসদের উপস্থিতিতে কথা বলার সময় পেছন থেকে ফখরুলের সমর্থকেরা কাঠের চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে এ নিয়ে সংঘর্ষ হয়।’সাংসদ রেজা আলী বলেন, মাদ্রাসার কমিটির জন্য সুপার যে সুপারিশ করেছেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে তাঁরা কার্যালয়ের বাইরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।