ত্রিশালে যুবলীগের নেতা হত্যার বিচার দাবি
ময়মনসিংহের ত্রিশালে যুবলীগের নেতা পারভেজ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন নিহত ব্যক্তির পরিবার ও যুবলীগের নেতা-কর্মীরা। এই দাবিতে তাঁরা গতকাল শনিবার পৌর শহরের দরিরামপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
গত শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের চরপাড়া এলাকায় নিজের বাড়ির কাছে পারভেজকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির পরিবার ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ (২৫) আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম সরকারের পক্ষে কাজ করেন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এ বি এম আনিছুজ্জামান। শুক্রবার বিকেলে নির্বাচনী বিরোধের জের ধরে আনিছুজ্জামানের কর্মীরা উজান চরপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা করেন। ওই ঘটনায় শুক্রবার রাতে পৌর যুবলীগের সদস্য আবদুর রহমান ওরফে বিপ্লব ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনের পর থেকেই তাঁরা (আনিছুজ্জামানের সমর্থক) আমাদের হুমকি দিয়ে আসছিল। তবে হুমকি মানে যে মেরে ফেলবে এটা আমরা ভাবতেও পারিনি।’ দেলোয়ার আরও বলেন, শুক্রবার রাতে পারভেজসহ তাঁরা চারজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। চরপাড়া এলাকায় পারভেজের বাড়ির সামনে এলে ২০-২৫ জন রামদা দিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা করে। এ সময় পারভেজ পা পিছলে পড়ে গেলে তাঁকে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অপরাধে আনিছুজ্জামানের কর্মীরা আমার কর্মীদের হুমকি দিয়ে আসছিল। এর জের ধরেই শুক্রবার রাতে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
গতকাল বিকেলে পারভেজের দাফন শেষে যুবলীগের নেতা-কর্মীরা পৌর শহরের দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তাঁরা পারভেজ হত্যার বিচার দাবি করেন।
বিজয়ী মেয়র প্রার্থী এ বি এম আনিছুজ্জামান মুঠোফোনে দাবি করেন, ‘পারভেজ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আর হত্যার সঙ্গে আমার কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন। পারিবারিক বিরোধের জের ধরে পারভেজকে হত্যা করা হতে পারে। আশা করি, পুলিশ তদন্ত করে কারণ উদ্ঘাটন করবে।’
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনের নাম পুলিশের কাছে রয়েছে। এই ঘটনায় শুক্রবার রাতে মাজহারুল ইসলাম ওরফে সুমন ও চান মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।