ত্রিশালে শ্বশুরের হাতে জামাতা খুন, কলেজছাত্রের লাশ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মেয়ের জামাতা বদর উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছেন শ্বশুর মো. শহীদুল্লাহ। হত্যার ঘটনায় শহীদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গত শুক্রবার আওয়ামী লীগের এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাজীব চন্দ্র গোপ (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজীব ওই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ধানীখোলা ঝাইয়ারপাড় গ্রামের শহীদুল্লাহর মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বদর উদ্দিনের ছয় মাস আগে বিয়ে হয়। শনিবার সকালে শহীদুল্লাহ তাঁর মেয়ে ও জামাতাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসেন। রাতের খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে ফাতেমা বাথরুমে গেলে শহীদুল্লাহ ঘুমন্ত অবস্থায় বদর উদ্দিনকে লাঠি দিয়ে মাথায় উপুর্যপরি আঘাত করেন। এতে বদর উদ্দিন গুরুতর আহত হন। ফাতেমা স্বামীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শহীদুল্লাহ বাড়ির লোকজন নিয়ে পালিয়ে যান। এদিকে গত শুক্রবার ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাজীবের লাশ ওই প্রতিষ্ঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। রাজীব ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজের ছাত্র ছিলেন। নিহত রাজীবের বাবা রতন চন্দ্র গোপ বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজীবকে বাসা থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যান মতিউর। শুক্রবার সকালে ছেলে না আসায় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখি তালা লাগানো। রাজীবের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাই। এরপর শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় এক লোক বাসায় এসে আমাকে বলে মতিউর যেতে বলেছে। পরে ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ছেলের লাশ দেখতে পাই। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’ মতিউর রহমান বলেন, ‘শুক্রবার বিকেল পর্যন্ত রাজীবের কোনো খবর না পেয়ে সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠানে যাই। দরজায় ধাক্কাধাক্কি করার পরও ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে আমি স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে দরজা ভেঙে ফেলি। এরপর তার লাশ দেখতে পাই। তিনি আরও দাবি করেন, রাজীব নেশা করত।’ নিহত রাজীবের চাচা অধীর গোপ জানান, তাঁর ভাতিজাকে হত্যা করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আওয়ামী লীগের নেতারা এ ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন। রাজীব নেশা করত না।ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বদরুদ্দিনের বাবা রাজ্জাক একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজীবকে হত্যা করা হয়েছে না কি এটি অপমৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করছে। ময়নাতদন্তে হত্যার আলামত থাকলে হত্যা মামলা হবে।