ত্রিশালে সাংসদের উপস্থিতিতে আ.লীগের সভায় সংঘর্ষ
ময়মনসিংহের ত্রিশালে সাংসদের উপস্থিতিতে গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লুৎফুন্নাহার বিউটি আক্তার আহত হন। সংঘর্ষে সভা পণ্ড হলে সাংসদ রেজা আলী পুলিশের পাহারায় ঘটনাস্থল ত্যাগ করেন। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ মিলনায়তনে বর্ধিত সভা চলাকালে কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া নিয়ে নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নেতাদের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সাংসদ রেজা আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় তাঁর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লুৎফুন্নাহার বিউটি আক্তার গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লাহ জানান, সাংসদ রেজা আলী অসাংবিধানিকভাবে কমিটি ভেঙে দিতে চাইলে সভায় উত্তেজনার সৃষ্টি হয়। সাংসদ রেজা আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাইরের কিছু লোক হামলা চালায় এবং এতে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লুৎফুন্নাহার বিউটি আক্তার আহত হন।