ত্রিশালে সাবেক সাংসদের ছেলে ও সখীপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুস সালাম তরফদারের ছেলে আবদুল হক তরফদার (৬২) গতকাল বুধবার খুন হয়েছেন। এদিকে টাঙ্গাইলের সখীপুরে গতকাল অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের পলাশতলী গ্রামের আবদুল হক তরফদার মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। তিনি বাড়িতে একা থাকতেন। গতকাল সকাল ১০টা পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় বাড়ির কাজের লোক তাঁকে ডেকে তুলতে যান। ঘরের ভেতর তাঁর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি এলাকাবাসীকে খবর দেন। তাঁর শরীরে দা দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে সখীপুর থানার পুলিশ জানায়, গতকাল সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকায় রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুবৃর্ত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করার পর লাশ ফেলে গেছে। সন্ধ্যা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।