ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গতকাল বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। তাদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কালহরে দুটি বাস অতিক্রম করার সময় সেতুর রেলিং না থাকায় একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন (৬০) ও রামপুর গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী খুদেজা খাতুন (৫৫) নিহত হন। বাসটি ত্রিশাল থেকে ময়মনসিংহ যাচ্ছিল।অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাতনামা এক শিশুর (৮) মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ত্রিশাল থানার এসআই মাসুদ জানান, পৃথক দুটি দুর্ঘটনায় থানায় মামলা হবে।