ময়মনসিংহের ত্রিশালে গতকাল রোববার সন্ধ্যায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিডিআরের এক সদস্য নিহত হয়েছেন। মাইক্রোবাসের গুরুতর আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ত্রিশাল থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাগামারায় একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী তানভীর সিদ্দিকী (২৫) গুরুতর আহত হন। তাঁকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটায় মারা যান। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলায়। ছুটিতে বেড়াতে এসেছিলেন। অপর দিকে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলে পাঁচজন আরোহী আহত হন। তাঁদেরও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহত ব্যক্তির পরিচয়পত্র দেখে শনাক্ত করা হয়েছে, তিনি বাংলাদেশ রাইফেলসের সদস্য। তাঁর পরিচয়পত্রটি থানায় রয়েছে।