ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পিকআপভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ত্রিশাল পৌর শহরের উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার হদ্দের ভিটা গ্রামের রিকশাভ্যানের চালক খোকন মিয়া (৩৫), একই গ্রামের বাসিন্দা ও রিকশাভ্যানের যাত্রী ফেরদৌসী (৪০) এবং ত্রিশালের দারিরামপুর গ্রামের শ্যামল সূত্রধর (৪৫)। ফেরদৌসী হদ্দের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ত্রিশাল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি রিকশাভ্যানে চড়ে পাঁচজন আরোহী বৈলর বাজারের দিকে যাচ্ছিলেন। রিকশাভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর শহরের উজানপাড়া এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান পেছন থেকে একটি রিকশাভ্যান ও একটি সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের চালক খোকন মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় রিকশাভ্যানের যাত্রী ফেরদৌসী ও সাইকেল আরোহী শ্যামল সূত্রধরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।