ত্রিশালে 'বন্দুকযুদ্ধ' ও গণপিটুনিতে দুই 'ডাকাত' নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় গত রোববার রাতে স্থানীয় লোকজনের পিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (২৫) নিহত হয়েছেন। একই রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ঝিটকা গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাব্বানী (২৭) নামে অপর এক ব্যক্তি নিহত হন। পুলিশ জানিয়েছে, নিহত দুজনই একই ডাকাত দলের সদস্য।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে গতকাল সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, নিহত রাব্বানীর বাড়ি বগুড়ায়। তিনি পুলিশের তালিকাভুক্ত ডাকাত দলের নেতা। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সুপার বলেন, গত ২১ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চরবিলা গ্রামে একটি খামারের নৈশপ্রহরী ও এক ব্যবসায়ীকে হত্যা করে ১০টি গরু লুট হয়। নিহত রাব্বানীর নেতৃত্বে ওই ঘটনা ঘটে বলে আটক বুলু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।