ত্রিশালের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক: আইজিপি
ময়মনসিংহের ত্রিশালে বোমা হামলা চালিয়ে ও গুলি করে প্রকাশ্যে প্রিজনভ্যান থেকে জেএমবির তিন সদস্য ছিনিয়ে নেওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
গতকাল রোববার সকালে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সিলেটে নতুন আঙ্গিকে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন ও আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভা শেষে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ দাবি করেন, দেশে জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে আল-কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা প্রকাশ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আল-কায়েদার হুমকি মোকাবিলায় দেশের জনগণকে নিয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।’
ত্রিশালে গতকাল সংঘটিত ঘটনার তদন্ত করা হবে উল্লেখ করে আইজিপি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।