
চট্টগ্রামের আদালত ভবনের নিরাপত্তা জোরদার করার আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে তিনি হাজতখানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অনিয়ম ও দায়িত্বে অবহেলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন। নইলে ত্রিশালে জেএমবি সদস্যদের ছিনিয়ে নেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এই আদেশ দেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী।
এদিকে হাজতখানায় হাতকড়া খোলা-বাঁধা ও আসামি আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছয় ব্যক্তিকে গতকাল সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের স্থলে এ দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ কনস্টেবলদের। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে সাত পুলিশকে চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল প্রথম আলোতে ‘চট্টগ্রাম আদালতের হাজতখানা, হাতকড়া হাতে ওরা কারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মুখ্য মহানগর হাকিমের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৫ জুলাই মুখ্য মহানগর হাকিমের এজলাস-কক্ষে এজলাস চলাকালে আসামির হাতকড়া আজগর নামের এক ব্যক্তির হাতে থাকা চাবি দিয়ে খোলার চেষ্টা বিচারকের নজরে আসে। পরে আজগরের কাছ থেকে ছয়টি চাবি উদ্ধার করা হয়। আসামির হাতকড়া খোলার চেষ্টার সময় আসামির পাশেই জেএমবির আসামিরা উপস্থিত ছিলেন।
চিঠিতে আরও বলা হয়, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ অপরাধের মামলা চলাকালে আদালতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণসহ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার আবশ্যকতা থাকা সত্ত্বেও এসব বিষয়ে দায়িত্বরত পুলিশের অসতর্কতার কারণে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। কয়েক দিন আগে হাজতখানায় আসামি বুঝিয়ে দেওয়ার সময় একজন আসামি পালানোর ঘটনা ঘটেছে। তার পরও দায়িত্বরত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে সচেতন হননি। আসামির হাতকড়ার ছয়টি চাবি কী প্রক্রিয়ায় আজগরের হাতে গেল, সে বিষয়ে যথার্থ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক। নতুবা ময়মনসিংহের জেএমবি সদস্যদের ছিনিয়ে নেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে হাজতখানার ইনচার্জ এসআই জমির উদ্দিন তাঁর দায় এড়াতে পারেন না। তিনি দায়িত্বে অবহেলার পরিচয় দিয়েছেন। গুরুত্বপূর্ণ মামলা চলাকালে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নিরাপত্তাব্যবস্থা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
এ চিঠি প্রসঙ্গে জানতে চাইলে গতকাল বেলা তিনটায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো চিঠি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সরানো হয়েছে সেই ছয়জনকে: চট্টগ্রাম আদালতের হাজতখানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাতকড়া খোলা-বাঁধার কাজে নিয়োজিত থাকা সেই ছয় ব্যক্তিকে। মহানগর হাজতখানার আজগর, শাহীন ও শাহাবুদ্দীন এবং জেলা হাজতখানার আবুল, আলম ও জসিম উদ্দিনকে গতকাল সকাল থেকে আর দেখা যায়নি। তাঁদের পরিবর্তে পুলিশ কনস্টেবলদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাত পুলিশ সদস্য প্রত্যাহার: দায়িত্বে অবহেলার অভিযোগে মহানগর হাজতখানার পুলিশের হাবিলদার জসীম উদ্দিন, কনস্টেবল আবদুল গফুর ও অসীম কান্তিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা হাজতখানার চার পুলিশকে ক্লোজড করা হয়েছে বলে জানান জেলা কোর্ট পরিদর্শক উনু মং। এঁরা হলেন হাবিলদার আবদুর রহিম, আবুল বাশার, কনস্টেবল নুরু ও ফয়সাল।
আদালত ভবনের অপ্রতুল নিরাপত্তা: ২০০৫ সালের ১৭ আগস্ট, ৩ অক্টোবর ও ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকে বিচারকের এজলাসে বোমা হামলা চালান জেএমবির সদস্যরা। এ ঘটনায় করা মামলায় আদালতে এখনো বিচার চলছে। এ ছাড়া ময়মনসিংহ থেকে পালিয়ে যাওয়া জেএমবির বোমা কারিগর বোমা মিজানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও এ আদালতে বিচারধীন।
ওই বোমা হামলার ঘটনার পর আদালত ভবনের মূল ফটকসহ পুরো ভবনে নিরাপত্তা জোরদার করা হলেও বেশ কিছুদিন ধরে মূল ফটকের পুলিশি পাহারা তুলে ফেলা হয়েছে। এতে যে কেউ অবাধে প্রবেশ করতে পারছেন আদালতে।
সরেজমিনে দেখা যায়, পরীর পাহাড়ে অবস্থিত এই আদালত ভবনের চতুর্দিকে কোনো সীমানাপ্রাচীর নেই। যে কেউ যখন তখন আদালতে ঢুকে পড়ছেন। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এজলাসের সামনে কিছু কনস্টেবল কেবল পাহারায় থাকেন।
অপ্রতুল এই নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, জেএমবি জঙ্গিদের বোমা হামলার শিকার এই আদালতের নিরাপত্তা জোরদার করা উচিত। নইলে এর দায় পুলিশকেই নিতে হবে।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রেজাউল মাসুদ বলেন, ‘আদালতের নিরাপত্তা জোরদার করতে বাড়তি ৬০ জন ফোর্স চাওয়া হয়েছে। যাঁরা আছেন তাঁদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।’