ত্রুটি আছে কি না, যাচাইয়ে কমিটি করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়ের অঙ্গীভূত বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনগুলোতে নির্মাণগত কোনো ত্রুটি আছে কি না, তা যাচাই করতে কমিটি গঠনের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।মন্ত্রণালয়কে এই কমিটি গঠন করে এক মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য এস এম আবদুল মান্নান প্রথম আলোকে এ তথ্য জানান।গত বুধবার সাভারের রানা প্লাজা ধসে কয়েক শ মানুষের প্রাণহানি হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে।আবদুল মান্নান বলেন, সাভারের দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়ের অধীন কলকারখানাগুলোর ভবনের স্থাপনাগত বিষয়টি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে সাভারের মতো কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য কমিটি শিল্প মন্ত্রণালয়ের অধীন ভবনগুলোতে স্থাপনাগত কোনো ত্রুটি আছে কি না, কিংবা অধিক পুরোনো হওয়ার কারণে বর্তমানে কোনো ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কি না, মন্ত্রণালয়কে তা খতিয়ে দেখতে বলেছে।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, গতকাল বৈঠকের শুরুতে সাভারের রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। বৈঠকে বর্তমানে বন্ধ থাকা আশুগঞ্জ, ঘোড়াশাল ও পলাশ সার কারখানা চালু করতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান, এস এম আবদুল মান্নান, মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক ও সুলতানা বুলবুল অংশ নেন। বিশেষ আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বৈঠকে যোগ দেন।