মেয়াদ শেষে আবারও উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু পরিষদের গঠন ত্রুটিপূর্ণ হওয়ায় স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই স্তর পুরোপুরি কার্যকর হতে পারছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পরিষদের গঠনকাঠামো এখনো উপযোগী নয়। উপজেলা চেয়ারম্যানদের সামান্য ক্ষমতা থাকলেও ভাইস চেয়ারম্যানদের সুনির্দিষ্ট কোনো কাজ বা দায়িত্ব নেই। সাংসদদের পরামর্শ ছাড়া পরিষদ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পরিষদকে সাচিবিক সহায়তা দেওয়ার কথা থাকলেও মূলত তাঁরাই আর্থিক ও প্রশাসনিক অধিকাংশ ক্ষমতা প্রয়োগ করেন। এ অবস্থায় চেয়ারম্যানরা সাংসদের প্রভাবমুক্ত পরিষদ চান।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও একাধিক উপজেলা চেয়ারম্যান মনে করেন, পরিষদকে শক্তিশালী না করে শুধু নির্বাচন করে কোনো লাভ হবে না। পরিষদকে শক্তিশালী করতে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধন করার দাবি জানিয়ে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষে গতকাল রোববার স্থানীয় সরকারমন্ত্রী ও সচিবের বরাবর চিঠি দেওয়া হয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, নির্বাচন অবশ্যই প্রয়োজন। কিন্তু গত পাঁচ বছরে উপজেলা পরিষদ যেসব সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলো সমাধানের উদ্যোগ না নিয়ে শুধু নির্বাচন করলে উপজেলা পরিষদ সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠান হবে না। তাই কাঠামোগত পরিবর্তনসহ বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে।
তোফায়েল আহমেদ মনে করেন, উপজেলা পরিষদের গঠন ত্রুটিপূর্ণ বলেই এটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়নি। কারণ, উপজেলা পরিষদ গঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে। তাঁরা উপজেলা পরিষদের জন্য সরাসরি ভোটে নির্বাচিত নন। তাই তাঁরা ইউনিয়নের স্বার্থ দেখেন, উপজেলার নয়। উপজেলা পরিষদ কীভাবে কার্যকর হবে, তা নিয়ে তাঁরা ভাবেন না।
উপজেলা পরিষদ আইন অনুযায়ী একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান (একজন নারী), উপজেলার এলাকাভুক্ত প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার এলাকাভুক্ত পৌরসভার (যদি থাকেন) মেয়র এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ গঠনের কথা। একজন বিশেষজ্ঞ ও একাধিক উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেন, এ কাঠামো কোনোভাবেই উপযোগী নয়। এটা সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। কারণ, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা পরিষদ গঠনের নির্দেশনা সংবিধানের ৫৯ অনুচ্ছেদে বিদ্যমান। কিন্তু বর্তমানে পরিষদের সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কেবল একটি ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত। তাঁরা সব উপজেলার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নন।
ঝালকাঠি জেলার একজন চেয়ারম্যান বলেন, পরিষদের সদস্যদেরও পুরো উপজেলার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। অর্থাৎ একটি উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থাকলে সেই হিসাবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে ১১ জন সদস্যকেও সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে।
অন্যদিকে পাঁচ বছর শেষে নতুন নির্বাচন হতে চললেও এখনো পূর্ণাঙ্গ পরিষদই হয়নি। কারণ, সংরক্ষিত মহিলা সদস্য এখনো নির্বাচিত হননি।
উপজেলা চেয়ারম্যানদের অ্যাসোসিয়েশন গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছে, তাতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে পরিষদ গঠনের জন্য আইন সংশোধন করতে বলা হয়েছে।
উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ হাওলাদার প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদকে কার্যকর করতে রাজনৈতিক সদিচ্ছার বড় অভাব। তিনি মনে করেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন সংশোধন করে উপজেলা পরিষদের নির্বাচন করা হলে সেটা হবে কার্যকর ও শক্তিশালী পরিষদ।
ক্ষমতা শুধু কাগজপত্রে: ১৯৮২ সালে দেশে উপজেলা পরিষদব্যবস্থার প্রবর্তন হলেও প্রথম মেয়াদে নির্বাচন হয় ১৯৮৫ সালে। দ্বিতীয় মেয়াদে ১৯৯০ সালে নির্বাচন হলেও মেয়াদ শেষের আগেই ১৯৯১ সালে তৎকালীন সরকার উপজেলা পরিষদ পদ্ধতি বাতিল করে। ১৯৯৮ সালে উপজেলা পরিষদ আইন প্রণীত হলেও তখন নির্বাচন হয়নি। এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ রহিত করে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ ২০০৮ জারির মাধ্যমে উপজেলা পরিষদ পদ্ধতি পুনরায় চালু করে। এরপর ২০০৯ সালের ২২ জানুয়ারি সারা দেশে ৪৮০টি উপজেলা পরিষদে নির্বাচন হয়।
এই দীর্ঘ সময়েও উপজেলা পরিষদ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়নি। পটুয়াখালী, ঝালকাঠি, ঝিনাইদহ, নেত্রকোনাসহ আরও কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা শুধু পরিচয়টুকুই দিতে পারেন। কাজের কাজ কিছু করতে পারেন না। উপজেলা পরিষদের অধিকাংশ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও ইউএনওর হাতে।
সরকার ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপজেলা পরিষদের অধীনে হস্তান্তর করলেও সেখানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা সামান্যই। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক শিক্ষাসহ ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পরিষদের অধীনে হস্তান্তর করা হলেও কার্যত সেখানে চেয়ারম্যানদের কোনো ভূমিকা থাকে না।
ঝালকাঠির একজন চেয়ারম্যান এ বিষয়ে বলেন, প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। অথচ কিছুদিন আগে যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম প্রহরী নিয়োগ হয়, তখন ওই নিয়োগ কমিটির প্রধান করা হয় ইউএনওদের। এ ছাড়া ১৭টি বিভাগের বিভিন্ন কমিটি আছে ৯৬টি। এর মধ্যে বেশির ভাগ কমিটির প্রধান ইউএনও। এ নিয়ে বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ইউএনওদের মধ্যে প্রায়ই বিরোধ বাধতে দেখা যায়। অবশ্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ক্ষমতা চেয়ারম্যানদের হাতে আছে।
ফরিদপুর এলাকার একজন চেয়ারম্যান বলেন, তাঁর জনপ্রিয়তা থাকলেও এবার তিনি আর নির্বাচন করবেন না। কারণ, ওপরে সাংসদ ও নিচে ইউএনওর চাপে তিনি ‘স্যান্ডউইচ’ হয়ে গেছেন। এ অবস্থায় আবার চেয়ারম্যান হয়ে কী লাভ!
তবে কয়েকটি উপজেলার ইউএনওরা বলেন, চেয়ারম্যানরা শুধু ক্ষমতা চান। তাঁরা নিয়োগসহ যেসব কাজে আর্থিক বিষয় বেশি আছে, সেখানে ক্ষমতা প্রয়োগ করতে চান। অথচ যেটুকু ক্ষমতা আছে, সেটুকু করলেও উপজেলার চিত্র পাল্টে যেত।
চেয়ারম্যানদের আপত্তি সাংসদদের নিয়ে: উপজেলা পরিষদের ২৫ ধারা অনুযায়ী, নির্বাচিত সাংসদেরা সংশ্লিষ্ট উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন এবং পরিষদ উপদেষ্টার পরামর্শ গ্রহণ করবে। এ ছাড়া আইনের ৪২ ধারার একটি অংশে বলা হয়েছে, পরিষদ তার প্রতিটি উন্নয়ন পরিকল্পনার বিষয়ে সংশ্লিষ্ট সাংসদের সুপারিশ গ্রহণ করে একটি অনুলিপি বাস্তবায়নের আগে সরকারের কাছে প্রেরণ করবে।
একাধিক চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে উপজেলা পরিষদের কার্যত কোনো ক্ষমতা থাকে না। সাংসদের কথার বাইরে চেয়ারম্যানরা কিছুই করতে পারেন না। এ জন্য তাঁরা সাংসদের নিয়ন্ত্রণ বিলুপ্ত করতে আইন সংশোধনের দাবি জানিয়েছেন।
দলগত নির্বাচন চান চেয়ারম্যানরা: কাগজপত্রে বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচন হয় নির্দলীয়ভাবে। কিন্তু বাস্তবে এই নির্বাচনে দলীয় প্রভাব থাকে প্রকাশ্যেই। এ অবস্থায় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন দলগতভাবে নির্বাচন অনুষ্ঠানের বিধান সংযোজনের দাবি করেছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ্ কামাল বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে আগেও এ ধরনের দাবি জানানো হয়েছিল। সেগুলো মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন জাতীয় তদারক কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে। তারাই পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করবে। তবে তাঁরাও চান, উপজেলা পরিষদ আরও শক্তিশালী ও কার্যকর হোক।