ত্রুটি সারিয়ে ৪৫ মিনিটেই মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন বছরের মনীষার জন্ম থেকেই তালু কাটা। বয়স ক্রমে বাড়লেও ওর কথা স্পষ্ট হচ্ছিল না। ফলে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েন।
রাজধানীর খিলক্ষেত এলাকার রিকশাচালক জয়নাল আবেদিনের মেয়ে স্বর্ণা (৫) ঠোঁটকাটা নিয়ে জন্ম নেয়। শিশুটির ঠোঁট এত বেশি কাটা ছিল যে আশপাশের লোকজন তাকে দেখতে আসত।
সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যাওয়া ওপরের পরিবার দুটির সবার মুখে হাসি ফুটেছে। ছোট একটি অস্ত্রোপচারের বদৌলতেই তা সম্ভব হয়েছে। মনীষা অনেকটাই স্পষ্টভাবে কথা বলছে। আর স্বর্ণার ঠোঁট যে কাটা ছিল, তা বোঝা যায় না প্রায়।
বাংলাদেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই, তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করেন, ঠোঁটকাটা ও তালুকাটা ত্রুটি নিয়ে দিনে গড়ে জন্ম নেয় ২০টি শিশু। পরিবারের জন্য তারা হয়ে ওঠে বড় উদ্বেগের কারণ। অথচ মাত্র ৪৫ মিনিট বা তার কিছু বেশি সময়ের একটি অস্ত্রোপচারই এ সমস্যা সমাধানের জন্য যথেষ্ট। তবে সাধারণ মানুষের মধ্যে তথ্যটি ব্যাপকভাবে জানা না থাকায় এসব ত্রুটি নিয়ে জন্ম হওয়া শিশুরা মূলত চিকিৎসার আওতার বাইরেই রয়ে যায়। বর্তমানে দেশে কয়েকটি প্রতিষ্ঠান এ চিকিৎসাসেবা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন’সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তায় জন্মগত ত্রুটি বিশেষ করে ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্মানো শিশু ও বড়দের চিকিৎসা কার্যক্রম চলছে।
প্রতিবেদনের শুরুতে উল্লেখ করা মনীষার অস্ত্রোপচার হয় মার্চ মাসে। সৈয়দ নুরুদ্দিন আহমেদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসএনএডিএফ) আয়োজনে বগুড়ায় একটি ক্যাম্পে। ওর বাবা মোহন কর্মকার লোকমুখে শুনে সেখানে যান। রিকশাচালক জয়নালের মেয়ে স্বর্ণার অস্ত্রোপচার হয় রাজধানীর শংকরে অবস্থিত কসমেটিক সার্জারি সেন্টার লিমিটেডে।
কসমেটিক সার্জারি সেন্টার লিমিটেডের প্লাস্টিক সার্জন সাঈদ আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন ধরনের শারীরিক ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের বন্ধু থাকে না। স্কুল থেকে ছিটকে পড়তে হয়। তার স্বাভাবিক বিকাশ ঘটে না।’
চিকিৎসকেরা জানান, ঠোঁট ও তালুকাটা শিশুরা শক্ত খাবার খেতে পারে না। তাদের শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ লেগেই থাকে। বয়সের তুলনায় তাদের ওজন ও উচ্চতা সঠিক হয় না।
সৈয়দ নুরুদ্দিন আহমেদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসএনএডিএফ) বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক সৈয়দ সামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১১ সালের জুলাই থেকে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। তার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বছরে এক থেকে দেড় হাজার ঠোঁট ও তালুকাটা রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে।
সৈয়দ সামসুদ্দিন আহমেদ তাঁর কয়েকটি অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এক ঘটনায় সন্তান জন্ম নেওয়ার পরই ঠোঁটকাটা দেখে মা তাকে ফেলে চলে যান। কুড়িগ্রামে একটি মেয়ের বিয়ে ভেঙে যায় তাঁর মায়ের ঠোঁট কাটা বলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২০ শয্যার একটি ওয়ার্ড আছে জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য। অন্যান্য সরকারি হাসপাতালে যেসব জায়গায় প্লাস্টিক সার্জনের পদ আছে, সেখানেই এ ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও তা এখনো সেভাবে শুরু হয়নি। বার্ন ইউনিটের প্রধান উপদেষ্টা সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, বছর দেড়েক ধরে সেবা দেওয়া হচ্ছে। মাসে গড়ে সাত থেকে আটটি শিশুর অস্ত্রোপচার হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) এ বি এম আবদুল হান্নানও বলেন, অধিদপ্তরের একটি কার্যক্রম হিসেবে ঠোঁট ও তালুকাটা বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হবে।
চিকিৎসকদের মতে, ঠোঁটকাটা নিয়ে শিশুর জন্ম হলে জন্মের পর তিন থেকে ছয় মাসের মধ্যে অস্ত্রোপচার করতে হয়। তালুকাটা হলে এক থেকে দেড় বছর এবং মাড়িকাটা হলে ছয় থেকে আট বছরের মধ্যে অস্ত্রোপচার করা ভালো।
মানুষের ৬০ শতাংশ জন্মগত ত্রুটির পেছনে বিজ্ঞানীরা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, মায়ের স্থূলতা, গর্ভকালীন ধূমপান, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও ব্যথার ওষুধ সেবন, ক্ষতিকর রাসায়নিক, মায়ের দীর্ঘস্থায়ী রোগ ও পুষ্টিহীনতা, জিনগত ত্রুটি, আত্মীয়ের মধ্যে বিয়েসহ বিভিন্ন কারণ জন্মগত ত্রুটির ঝুঁকি সৃষ্টি করতে পারে।