আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭৩ কিলোমিটার রেলপথটি এক লাইনের হওয়ায় এটি দুর্ঘটনাপ্রবণ। এ ছাড়া রেলপথটি উপযোগী রাখতে এর ত্রুটিগুলো দ্রুত সারানো দরকার, যাতে আসন্ন ঈদে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাউদ্দিন গতকাল শুক্রবার সরেজমিন ওই রেলপথ পরিদর্শনের সময় আখাউড়া জংশন স্টেশনে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
ঘন ঘন দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে গতকাল সকালে মো. ফিরোজ সালাউদ্দিন রেলওয়ের অবকাঠামো, প্রকৌশল, সংকেত, যান্ত্রিক বিভাগের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেলপথ পরিদর্শনে যান। সম্প্রতি এই পথে একাধিক দুর্ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও ছিল অসহনীয়।
রেলপথ মেরামতকারী শ্রমিক সংকট বিষয়ে ভারপ্রাপ্ত সচিব বলেন, ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রেলওয়ের অনেক লোক ছাঁটাই হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। বর্তমানে রেলওয়েতে নতুন করে লোক নিয়োগ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে লোকবলসংকট থাকবে না।
আখাউড়া-আগরতলা রেলপথ চালুর বিষয়ে মো. ফিরোজ সালাউদ্দিন বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারের প্রতিনিধি এবং রেল বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ওই কমিটির বৈঠকও হয়েছে। আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনে ৩৫০ কোটি টাকা প্রয়োজন হবে। এই টাকা ভারতের অনুদান হিসেবে দেওয়ার কথা হয়েছে। প্রকল্পের ওই অর্থ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।
আখাউড়া রেলস্টেশনে টিকিট সংকট বিষয়ে মো. ফিরোজ সালাউদ্দিন বলেন, আগামী জানুয়ারিতে আরও ২৭০টি যাত্রী বগি আসছে। তখন এই সংকটও কেটে যাবে।
এ সময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কাজী রফিকুল আলম সাংবাদিকদের বলেন, এই রেলপথে ক্ষতিগ্রস্ত কংক্রিটের স্লিপার তুলে ফেলা এবং পুনঃস্থাপনের পুরো কাজটিই করতে হয় যান্ত্রিকভাবে (মেশিনে)। মেশিনটি নষ্ট ছিল। এটি মেরামত করা হয়েছে। নতুন আরেকটি মেশিন কেনা হবে।