চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে খেলা চলাকালে একটি ফ্লাডলাইটে দুই দফায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার জন্য জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত শনিবার রাতে আলোর স্বল্পতার কারণে দুই দফায় মোট ১৯ মিনিট খেলায় বিঘ্ন ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঝে পর পর দুই দফা বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবও তৈরি হতে পারে। খেলা দেখতে আসা দেশি-বিদেশি দর্শকদের অনেকে বিষয়টি নিয়ে হাসাহাসি করেছেন।
ভেন্যু ব্যবস্থাপনা সূত্রমতে, ত্রুটিপূর্ণ জেনারেটরের কারণেই শনিবার রাতে স্টেডিয়ামের একটি ফ্লাডলাইটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
১৩ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে চারটি জেনারেটর পাঠানো হয়, তার আগের দিন ওই স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। তখন আইসিসি জেনারেটরে খেলা চালানোর সিদ্ধান্ত নেয়। পরে সিদ্ধান্ত অনুযায়ী জেনারেটর সরবরাহ করা হয়।
সূত্র জানায়, সরবরাহ করা চারটি জেনারেটর দেখে ভেন্যু ব্যবস্থাপক দুটির ব্যাপারে সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি জানান। পরে একটি পরিবর্তন করে দেওয়া হয়। কিন্তু অন্যটি পরিবর্তন করা হয়নি, যেটি গত শনিবার রাতে খেলা চলাকালে দুই দফা বিকল হয়ে যায়।
ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান বলেন, ‘খালি চোখে দেখে জেনারেটরগুলো ঠিকঠাক (আপ টু দ্য মার্ক) মনে হয়নি। বিশেষ করে দুটির ব্যাপারে দ্রুততার সঙ্গে আপত্তি জানিয়ে আমি লিখেছি। কিন্তু একটি পরিবর্তন করা হলেও অন্যটি করা হয়নি। তাই এ সমস্যা হয়েছে।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ-বিভ্রাটের সময় আমি মাঠেই ছিলাম। জেনারেটর থেকে ফ্লাডলাইটে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়, যার সঙ্গে পিডিবির সম্পর্ক নেই। পরে একটি জেনারেটর বাদ দিয়ে পিডিবি ফ্লাডলাইটে বিদ্যুৎ সরবরাহ দেয়।’
‘প্রতিকার আবশ্যক’: শনিবার বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনায় পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন মহলে একটি প্রতিবেদন পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বারবার বিদ্যুৎ-বিভ্রাটে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ছন্দ নষ্ট হয়। ভবিষ্যতে যাতে খেলা চলাকালে ফ্লাডলাইট বিপর্যয় না ঘটে, এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনপূর্বক কারণ অনুসন্ধান করে প্রতিকার আবশ্যক।