ত্রুটিপূর্ণ ভবন নির্মাণকারীদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া যেসব আবাসন কোম্পানি অনুমোদিত নকশা বা উচ্চতার বাইরে ভবন নির্মাণ করেছে, তাদের কালো তালিকাভুক্ত করতে বলেছে কমিটি।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সুপারিশ করেছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে উত্তরা ১ নম্বর সেক্টরের খেলার মাঠ উত্তরা ক্লাব, স্কলাস্টিকা স্কুল ও উত্তরা মেডিকেল কলেজকে অবৈধভাবে বরাদ্দ দেওয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেন, খেলার মাঠ অন্য কোনো কাজে বরাদ্দ দেওয়া আইনবহির্ভূত। সে জন্য কমিটি মাঠ বরাদ্দ দেওয়ার সঙ্গে জড়িত এবং ওই সব প্রতিষ্ঠানের ভবনের নকশা অনুমোদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী প্রমুখ  অংশ নেন।