ত্রুটিপূর্ণ যানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী অনুমোদনহীন ও ফিটনেসবিহীন (চলাচলের অনুপযোগী) যানবাহনের বিরুদ্ধে মাঠে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন।
গত রোববার থেকে গতকাল সোমবার পর্যন্ত কুমিল্লার নন্দনপুর, কোটবাড়ি, আলেখারচর ও নিমসার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্তত ১০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান ও মনজুর হোসেনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, মহাসড়কে ৪০ কিলোমিটারের কম গতিতে চলা যানবাহন ধরা হচ্ছে। এর মধ্যে নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ফিটনেসবিহীন টেম্পো ও বেবিট্যাক্সি রয়েছে। এসব যান গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠে দুর্ঘটনা ঘটায়। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জরিমানা, তাৎক্ষণিক সাজা ও লাইসেন্স বাতিল করাসহ সব আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিআরটিএ এ ব্যাপারে নির্দেশনা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন এ ব্যবস্থা নিচ্ছে।