ত্রুটিমুক্ত পাঠ্যপুস্তকের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রুটি ও সাম্প্রদায়িক প্রভাবমুক্ত পাঠ্যপুস্তক এবং বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষাব্যবস্থার দাবিতে নারায়ণগঞ্জে খেলাঘরের শিশুরা অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, যে শিশুরা ভবিষ্যতে দেশের হাল ধরবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে—তাদের সুন্দর আগামীকে মৌলবাদী-জঙ্গিবাদের বিষ মাখানো শিক্ষার দিকে তিলে তিলে ধাবিত করা হচ্ছে। এর পরিণাম হবে খুবই ভয়াবহ। তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি অবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য আহ্বান জানান।
রথীন চক্রবর্তী বলেন, সাম্প্রদায়িক প্রভাবযুক্ত বই প্রত্যাহার করতে হবে। এ অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে হবে।