ত্রুটিযুক্ত গ্যাসের লাইন, আগুনে দগ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রুটিযুক্ত সরবরাহ লাইন থেকে ছড়িয়ে পড়া গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর দক্ষিণখানের আশকোনার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন গৃহকর্ত্রী রেহানা আক্তার (৪০), তাঁর মেয়ে আফসানা (১৯), দুই ছেলে রেজওয়ান আহম্মেদ ওরফে শুভ (১৬) ও তানভির আহম্মেদ ওরফে নিলয় (১২) এবং গৃহকর্মী সখিনা বেগম (৪৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এঁদের মধ্যে রেহানা আক্তারের শরীরের ৫০ শতাংশ, তানভির আহম্মেদের শরীরের ২৫ শতাংশ ও সখিনা বেগমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। এঁদের তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁদের তিনজনেরই অবস্থা সংকটাপন্ন। এ ছাড়া আফরোজা আক্তারের শরীরের ২ শতাংশ ও রেজওয়ান আহম্মেদের ১ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ রেজওয়ান আহম্মেদ বলে, তারা ভাইবোনেরা স্কুল-কলেজে যাবে বলে সকাল সকাল খাবার তৈরি করেন গৃহকর্মী সখিনা বেগম। গতকাল সকালেও সখিনা এসে নাশতার আয়োজন করছিলেন। তারা নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিল। সখিনা যখন চুলায় ভাত বসিয়েছেন, তখন হঠাৎই গোটা বাড়িতে বিস্ফোরণের মতো আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হয়।