ত্রয়োদশ সংশোধনী মামলায় বিচারপতি খায়রুল হকের রায় গ্রহণের সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত ত্রয়োদশ সংশোধনীর মামলায় বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের পূর্ণাঙ্গ রায় লেখা এবং আপিল বিভাগের পক্ষে তা গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।আইনজীবী টি এইচ খান গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সাংবিধানিক পদধারীদের শপথের বিরাট গুরুত্ব রয়েছে। সাবেক প্রধান বিচারপতি গত বছরের মে মাসে অবসরে যাওয়ায় তাঁর শপথকাল রহিত হয়েছে। এখন তাঁর পক্ষে কোনো রায়ে স্বাক্ষরদান এবং প্রধান বিচারপতির পক্ষে তা গ্রহণ করার সুযোগ সাংবিধানিকভাবে রুদ্ধ হয়ে গেছে।টি এইচ খান আরও বলেন, গত ২৯ মার্চ বিচারপতি খায়রুল হক ৩৫০ পৃষ্ঠার যে রায় জমা দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন, তা আইনের চোখে অবৈধ ও এখতিয়ারবহির্ভূত। এখন প্রতিকারের দুটি বিকল্প রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হয় বিচারপতি খায়রুল হককে বাদ দিয়ে ওই মামলার রায়দানকারী অন্য ছয় বিচারক রায় লিখবেন। সেটা সম্ভব না হলে বর্তমান আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত মামলার পুনঃশুনানি করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ব্যবস্থা নেবেন।’টি এইচ খানের কথায়, শপথ না থাকা অবস্থায় কারও রায় লেখার কোনো এখতিয়ার নেই। অবসরে গিয়ে রায় লেখার অতীতের ভুল নজির দেখিয়ে এর বৈধতা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সে কারণে ত্রয়োদশ সংশোধনী মামলায় বিচারপতি খায়রুল হকের জমা দেওয়া রায় গ্রহণ না করার জন্য তিনি প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন।ব্রিফিংকালে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।