তৎকালীন ঢাকার জেলা প্রশাসক ও সাবেক সচিব এ এম এম শওকত আলীকে ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৯৭৬ সালে লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ প্রসঙ্গে ওই দিন তাঁকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা ১৯৭৬ সালে কর্নেল তাহেরের বিচারের সময় ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন বিশেষ সামরিক ট্রাইব্যুনালের সদস্য মো. আবদুল আলী গতকাল হাইকোর্টে হাজির হয়ে নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। অনিচ্ছা সত্ত্বেও তৎকালীন ঢাকার জেলা প্রশাসক এ এম এম শওকত আলীর কথায় তিনি ট্রাইব্যুনালে যোগ দেন—এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক ওই সচিবকে হাজির হতে নির্দেশ দেন।শুনানিতে মো. আবদুল আলী বলেন, নিয়োগ পাওয়ার পর আমি ১৯৭৬ সালের ১৫ জুন সামরিক ট্রাইব্যুনালে যোগ দিই। ট্রাইব্যুনালের সদস্যসংখ্যা ছিলেন পাঁচজন। শুনেছি চারজন ইতিমধ্যে মারা গেছেন। যোগদানের দিনই তাহেরসহ অন্যদের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হয়। তদানীন্তন আইনে আমাদের মামলার কার্যক্রম পরিচালনা করতে হয়। ওই সময় ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবীদের শপথ পড়ানো হয়, এ মামলার বিষয়বস্তু বা কোনো কার্যক্রম জনসমক্ষে প্রকাশ করা যাবে না। এ ছাড়া সামারি ট্রায়ালের ব্যাপারে একটি ফরমান জারি করা হয়েছিল। এটা সামরিক আইনের আওতায় করা হয়।ওই বিচার ‘সামারি ট্রায়াল’ উল্লেখ করে আবদুল আলী বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছাড়া আমাদের সামনে মামলার কোনো ফাইল দেওয়া হতো না। সাক্ষীদের জবানবন্দি লিখতেন হাছান মোরশেদ (ট্রাইব্যুনালের সদস্য)।’ ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী নিয়োগের সুযোগ দিয়েছিল বলেও জানান তিনি। তবে বিচারের মুখোমুখি ব্যক্তিদের আইনজীবী নিয়োগের জন্য কোনো ওকালতনামা দেওয়া হয়েছে কি না আদালতের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি আবদুল আলী।রাজসাক্ষীর বাইরে কোনো সাক্ষী ছিল কি না, এ প্রশ্নের জবাবে প্রথমে আবদুল আলী ‘হ্যাঁ’ বলেন। কিন্তু পরে বলেন, খেয়াল নেই। এ সময় হাইকোর্ট তাঁকে বারবার সতর্ক করে দিয়ে বলেন, আপনি মিথ্যা বলবেন না। আমাদের সহায়তা করুন। তাহেরসহ অন্যদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, আদালতের এমন প্রশ্নের জবাবে আবদুল আলী প্রথমে বলেন, ‘না দেখে বলতে পারছি না।’ এরপর বলেন, দুজন মহিলাসহ ৩২ জন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার কারণে রাষ্ট্রদ্রোহমূলক ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তাহেরকে কী সাজা দিয়েছিলেন, আদালতের এমন প্রশ্নের জবাবে আবদুল আলী বলেন, মৃত্যুদণ্ড । আদালত বলেন, মূল (বেসিক) অভিযোগ না দেখেই সাজা দিয়ে দিলেন? জবাবে আলী বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে আমি মৌখিকভাবে বলেছিলাম, শুধু রাজসাক্ষীর জবানবন্দির ভিত্তিতে সাজা দেওয়া যায় না, যদি অন্য সাক্ষীর বক্তব্যের সঙ্গে এর মিল না থাকে।’ কোন ধারায় সাজা দিয়েছিলেন, এ প্রশ্নের জবাবে আলী বলেন, ‘এখন স্মরণ করতে পারছি না।’