তৎপর অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেছে রাজধানীতে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পাঁচজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, অজ্ঞান পার্টির সদস্যরা এঁদের কাছ থেকে টাকাপয়সা ও মালামাল নিয়ে গেছে। এ ছাড়া গত বুধবার রাতে রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিন ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিদের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দুই নারী ও এক পুরুষ বাসা ভাড়া নেওয়ার কথা বলে ডেমরার নতুন পাড়ার বাসিন্দা আয়েশা আক্তারের (৬০) বাড়িতে ঢোকেন। তাঁরা আয়েশার পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা আয়েশা ও তাঁর প্রতিবন্ধী পুত্রবধূ খালেদা আক্তারকে (৩২) দই ও কলার সঙ্গে চেতনানাশক খাইয়ে দেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আয়েশা আক্তারের ছেলে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের বাসা ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ ঝোলানো ছিল। এটা দেখে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়িতে ঢুকে তঁার মা ও ভাবিকে অজ্ঞান করে বাড়ি থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনার সময় তাঁর মা ও ভাবি ছাড়া অন্য কেউ বাসায় ছিলেন না।
মধ্যপ্রাচ্য যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সিকে টাকা দিতে গতকাল সকালে চাঁদপুরের মতলব থেকে ঢাকায় এসেছিলেন শাহাদত হোসেন (৩০)। গতকাল দুপুরে লোকজন তাঁকে গুলিস্তানে বঙ্গভবনের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় পথচারীরা পকেটে পাওয়া নম্বরে ফোন দিলে তাঁর চাচাতো ভাই সুরুজ মিয়া ঘটনাটি জানতে পারেন। পরে তিনি এসে শাহাদতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গতকাল দুপুরে গুলিস্তান থেকে টঙ্গীগামী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কাগজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৫) সাড়ে চার লাখ টাকা খোয়ান। পরে স্বজনেরা খবর পেয়ে শাহজালাল বিমানবন্দরের সামনে থেকে তাঁকে অচেতন অবস্থায় প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই কিতাব আলী বলেন, নয়াবাজারে জাহাঙ্গীর আলমের কাগজের ব্যবসা আছে। অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান করে তাঁর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে।
গতকাল রাতে ধানমন্ডি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে পুলিশ অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সিএনজিচালিত অটোরিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা অটোরিকশাচালককে অজ্ঞান করে তাঁর কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে।