তড়িঘড়ি সংস্কারের ৩০ লাখ টাকা গচ্চা
ঈদের আগে জরুরি ভিত্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশে ৩০ লাখ টাকার সংস্কারকাজ করলেও মাত্র ১৫ দিনে তা আগের অবস্থায় ফিরে গেছে। এর মধ্যে গোয়ালন্দের সাত কিলোমিটারজুড়ে খানাখন্দের কারণে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। অথচ এই অংশের সংস্কারে বেশির ভাগ টাকা ব্যয় হয়েছে। গত শুক্র ও গতকাল শনিবার ঘাটে গিয়ে দেখা গেছে, মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে পশ্চিমে সাত কিলোমিটার এলাকায় সংস্কার করা স্থানে আবার সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে এগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। গর্তে গাড়ির চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে। দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম এবং গুরুত্বপূর্ণ এই সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে অন্তত আট থেকে ১০ হাজার যানবাহন চলাচল করে।কুষ্টিয়া-দৌলতদিয়া পথের দুরন্ত পরিবহনের চালক মন্টু হোসেন বলেন, রাস্তার খারাপ অবস্থার কারণে ঈদের কয়েক দিন আগে একটু মেরামত করলেও আবার যা ছিল, তা-ই হয়ে গেছে। এসব ভাঙা গর্তে চাকা পড়ে গাড়ি আটকে যায়। গর্তে পড়ে অনেক সময় চাকা ফেটে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। কারণ তখন গাড়িচালকের নিয়ন্ত্রণে থাকে না। দূরপাল্লার পরিবহন এ কে ট্রাভেলসের চালক মনির হোসেন বলেন, ‘সারা দেশের এমন বেহাল অবস্থায় সরকার কী করে? সড়কের বেহাল অবস্থার কারণে অনেক সময় যানজটে আটকা পড়ে যাত্রী ও যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির শিকার হতে হয়। দৌলতদিয়া ঘাটে নিয়োজিত পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, এমনিতেই নদীপথের বেহাল অবস্থা, ফেরিসহ নানা সমস্যার কারণে ঘাট এলাকায় যানজট লেগে থাকে। এরপর রাস্তা গর্ত ও কাদা পানিতে ভরা থাকে, বাধ্য হয়ে কাদাপানির মধ্যেই কাপড়চোপড় নষ্ট করে কর্তব্য পালন করতে হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘দৌলতদিয়ায় মহাড়কের অবস্থা দেখলে মনে হয়, কোনো অবহেলিত গ্রামের সড়কও এর চেয়ে ভালো। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ধুলার মতো কিছু ইট-সুরকি ফেলে যাওয়ার কয়েক দিন পরই তা আগের অবস্থায় চলে যায়। আজ শনিবার (গতকাল) ঢাকা থেকে সরকারের উচ্চপর্যায়ের একটি দল ঘাটের বিভিন্ন সমস্যা দেখতে আসবে বলে শুনেছি। তারা এলে সমস্যাগুলো তুলে ধরব।’ সওজ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় গতকাল শনিবার জানান, ঈদের আগে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশ সংস্কারে ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তা ছিল রাজবাড়ীর গোয়ালন্দ অংশে। তবে বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা সংস্কারে আরও বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।