
‘গণতন্ত্র অলিম্পিয়াড’ অনুষ্ঠানে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তড়িঘড়ি করে সেনাবাহিনী মোতায়েন করা হলে প্রধান বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণের শেষ সম্ভাবনাও নস্যাৎ হয়ে যাবে।|
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে গতকাল বুধবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশ্নোত্তরপর্বে বক্তারা এ কথা বলেন। বক্তাদের মতে, একতরফা নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহার করার মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর বৈরী সম্পর্ক তৈরি করা হবে।
ছাত্রছাত্রীদের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এ অনুষ্ঠানের লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সকালে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে সুজন সম্পাদক বলেন, জাগ্রত জনতাই গণতন্ত্রের একমাত্র রক্ষাকবচ। গণতন্ত্রকে কার্যকর করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে হবে। পাশাপাশি দলনিরপেক্ষ নাগরিক সমাজও প্রয়োজন বলে তিনি মনে করেন।
এরপর অলিম্পিয়াডের গণতন্ত্রবিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। সবশেষে ছিল প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণপর্ব। এ পর্বে অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, সংবিধান, সুশীল সমাজ, নাগরিক অধিকার, নির্বাচন, নির্বাচনী আইন, নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যয়, আচরণবিধিসহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান। এ পর্বটি সমন্বয় করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আবদুস সালাম। প্রশ্নোত্তর পর্বে গণশিক্ষা আন্দোলনের কর্মী অধ্যাপক এহসানুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন, উন্নয়নকর্মী তাজিমা হোসেন মজুমদার বক্তব্য দেন।
সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনসহ অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আল আমিন প্রথম, মো. আমিনুল এহসান দ্বিতীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাসেল খান তৃতীয় হন।