তড়িৎ কৌশল বিভাগে নতুন গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল সোমবার তড়িৎ কৌশল বিভাগের একটি নতুন গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। এই গবেষণাগারের নাম রাখা হয়েছে ‘এএবিইএ-চুয়েট-দেওয়ান জেআরসিএএসই: দেওয়ান ভিএলএসআই ডিজাইন ল্যাবরেটরি।’ গবেষণাগার উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানটি তড়িৎ কৌশল বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যুগোপযোগী গবেষণার মাধ্যমে উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে হবে। সারা বিশ্বে প্রকৌশল ও প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন গবেষণালব্ধ জ্ঞান থেকে লাভবান হয়ে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইনভিশন সিস্টেম ইনকরপোরেটের প্রেসিডেন্ট এবং সিইও জাহাঙ্গীর দেওয়ান।