থইথই পানিতে নালায় অটোরিকশা, চালক ও যাত্রী নিহত
সড়কের পাশেই নালা। বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়ক ডুবে যাওয়ায় নালার অবস্থান আলাদা করে বোঝার উপায় ছিল না। তবু ঝুঁকি নিয়ে চলছিল অটোরিকশাটি। থইথই পানিতে সড়ক কতটা চওড়া, তা বুঝতে পারেননি চালক। হঠাৎই নালায় পড়ে যায় অটোরিকশাটি। এতে চালক ও যাত্রী দুজনই নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনির পাশে বিল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নালা থেকে অটোরিকশাটি তুলে এনে ভেতরে থাকা চালক ও আরোহীকে পাশের মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
নিহত দুজন হলেন ব্যবসায়ী ফিরোজ জামান খান (৫৫) ও অটোরিকশাচালক মাহবুবুর রহমান (৩৫)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. সরওয়ার ও মো. ফজলে রাব্বি প্রথম আলোকে জানান, ডুবে যাওয়ার পরপরই তাঁরা ২০-২৫ জন নালায় নেমে অটোরিকশাটি খুঁজতে থাকেন। অনেকক্ষণ পর অটোরিকশার সন্ধান পাওয়ার পর তা নালা থেকে ওপরে তুলে আনেন তাঁরা। তখনো চালক ও আরোহী অটোরিকশার ভেতরে ছিলেন।
মো. ফজলে রাব্বি জানান, চালক ও যাত্রীর আসনের দুই পাশের দরজার সিটকিনি লাগানো থাকায় তাঁরা বের হতে পারেননি। ডুবে গিয়ে তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফিরোজ জামানের মরদেহ মা ও শিশু হাসপাতাল থেকে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের তাঁর ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলায়। আর গতকাল সন্ধ্যা পর্যন্ত চালক আশরাফুল ইসলামের লাশ হাসপাতালে ছিল। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
ফিরোজ জামানের বড় ছেলে অর্ক সাংবাদিকদের বলেন, ‘আমার বাবার মতো কারও যেন পানিতে ডুবে এমন মৃত্যু না হয়। এই এলাকা থেকে স্থায়ীভাবে পানিনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।’
গতকাল বিকেলে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই নালাটি আগ্রাবাদের মহেশখালের সঙ্গে যুক্ত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, খাল ও নালার পাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির পর আগ্রাবাদ ও হালিশহর এলাকার পানি সরতে পারে না। তাঁরা খাল ও নালা অবৈধ দখলমুক্ত করার আবেদন জানান।