চট্টগ্রাম আদালতের জেলা ও মহানগর দায়রা জজের পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ এই দুটি পদে বিচারক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের। নগর ও জেলার চাঞ্চল্যকর মামলাগুলোর বিচার চলছে ওই দুই আদালতে। ফলে থমকে আছে গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ দুই আদালতে মামলাজট বাড়ছে। ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলেও অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা না থাকায় শুধু মামলার তারিখ পড়ছে। শিগগির দুই আদালতে বিচারক নিয়োগ দিতে আইনমন্ত্রীর সঙ্গে সম্প্রতি দেখাও করেছি সমিতির পক্ষ থেকে। কিন্তু এখনো খালি রয়েছে। ’
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফা গত ১৩ জুন বদলি এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান গত ১০ জুলাই অবসরে যান। এর পর থেকে খালি রয়েছে গুরুত্বপূর্ণ পদ দুটি। প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসকে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ এবং প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জগলুল হোসেনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত দায়িত্ব হিসেবে। কিন্তু তাঁদের জেলা ও মহানগর দায়রা জজ হিসেবে অপরাধ আমলে নেওয়ার বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি। এ কারণে দুই আদালতে বিচারাধীন থাকা গুরুত্বপূর্ণ অনেক মামলার বিচার কার্যক্রম থমকে আছে। সাক্ষ্য গ্রহণ, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও শুধু তারিখ ফেলা হচ্ছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ কোটি টাকার সোনা আটকের মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়া তিন আসামিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল ১৭ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। কিন্তু ভারপ্রাপ্ত বিচারকের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা না থাকায় শুনানি হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করেন ভারপ্রাপ্ত বিচারক।
একইভাবে নগরের পতেঙ্গা থানার পুলিশের দাখিল করা ৫৪টি সোনার বার উদ্ধারের মামলায় রিয়াজ উদ্দিন, ওসমান গণি ও আইয়ুবের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রটি ২৫ জুন অভিযোগ গঠনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আসে। কিন্তু এখনো অভিযোগ গঠনের শুনানি করা যাচ্ছে না বিচারক না থাকায়। একই অবস্থা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতেও।