থমকে আছে তিনটি রাস্তার কাজ
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার তিনটি জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নকাজ মাঝপথে আটকে আছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আড়াই মাস ধরে পৌরসভা ও পৌরসভার বাইরের ১০-১২টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঠিকাদার যেসব রাস্তার কাজ অসমাপ্ত রেখেছেন সেগুলো হচ্ছে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের পালিগাঁও বশিরের মোড় থেকে বথপালিগাঁও বাজারুর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের গুয়াগাঁও ফুলনের মোড় থেকে ভেলাতৈড় ভদ্রপাড়া গোঠার দুয়ার পর্যন্ত রাস্তা উন্নয়ন এবং জগথা নবনির্বাচিত মেয়র কশিরুল আলমের চালকল থেকে ভাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্প।
সরেজমিনে দেখা গেছে, জগথা ও পালিগাঁওয়ের রাস্তা দুটির বিটুমিন ও খোয়া তুলে রাস্তার দুপাশে স্তূপ করে রাখা হয়েছে। ভেলাতৈড় রাস্তা বক্স কাটিং করে রাখা হয়েছে। রাস্তার পাশে ঠিকাদারের কোনো লোক বা মালামাল নেই। এমনকি নির্মাণাধীন রাস্তার পাশে টাঙানো সাইনবোর্ডটিও উধাও।
প্রায় আড়াই মাস আগে এসব খোঁড়াখুঁড়ি ও রাস্তা আংশিক তুলে ফেলার পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়।
পীরগঞ্জ পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের (জাইকা) নর্দার্ন বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের (নবিডেপ) আওতায় পাঁচটি রাস্তার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। পাঁচটি রাস্তার মধ্যে উপরিউক্ত তিনটি রাস্তা ছাড়াও আরও দুটি রাস্তা আছে। সেগুলো হলো পীরগঞ্জ কলেজ বাজার মসজিদ থেকে পীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের তেমাথা (কাজ সমাপ্ত) এবং পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের রামানন্দের মিল থেকে কাজী নজরুল ইসলাম সড়ক পর্যন্ত রাস্তা উন্নয়ন।
গত বছরের ১৫ মার্চ ওই পাঁচটি রাস্তা (একটি প্যাকেজ) উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। দিনাজপুরের বোচাগঞ্জের কে. ই-এ. সি (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৪৯ টাকা চুক্তিমূল্যে ওই পাঁচটি রাস্তার উন্নয়নকাজের কার্যাদেশ পায়। এরপর গত বছরের নভেম্বরের শেষের দিকে উল্লিখিত তিনটি রাস্তার কাজ শুরু করেন ঠিকাদার।
পৌরসভার বর্তমান মেয়র রাজিউর রহমান বলেন, কাজের শিডিউল অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত ৬৫ শতাংশ কাজ হওয়ার কথা। কিন্তু হয়েছে মাত্র ২৩ শতাংশ।
ভেলাতৈড় মহল্লার মো. মহিউদ্দীন বলেন, রাস্তাটি কাটার আগেই ভালো ছিল। এখন ওই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না।
জগথা কলপাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, পৌর মেয়রের মিল থেকে ভাকুড়া পর্যন্ত রাস্তার বিটুমিন আর খোয়া তুলে ফেলে রাস্তার অবস্থা খারাপ করে রেখেছে। এখন ওই রাস্তা দিয়ে সাইকেলেও যাওয়া যাচ্ছে না। রাতে তো আরও কষ্ট হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান কে. ই-এ. সি (জেভি)র ঠিকাদার ইশাহাক আলী গতকাল রোববার মুঠোফোনে বলেন, ‘পীরগঞ্জে পৌরসভার ভোটের কারণে কাজ বন্ধ রেখেছিলাম। এখন ভোট শেষ, আমরাও দ্রুত কাজ শুরু করব।’
পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে আরও জানা গেছে, গত বছরের ২৩ ডিসেম্বর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদাপত্র দেওয়া হয়েছে। ওই তাগাদাপত্রে যত দ্রুত সম্ভব রাস্তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। এই তাগাদাপত্রের অনুলিপি নবিডেপের প্রকল্প পরিচালক, সহকারী প্রকল্প পরিচালক, আঞ্চলিক সহকারী প্রকল্প পরিচালক এবং পীরগঞ্জ পৌর মেয়রকে দেওয়া হয়েছে।