থমকে গেছে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ প্রকল্পের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-ঢালারচর ভায়া পাবনা রেলপথ প্রকল্প বাস্তবায়নের গতি থমকে গেছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পর পর দুবার দরপত্র আহ্বান করা হলেও অজ্ঞাত কারণে তা বাতিল হয়ে যায়। একই সঙ্গে এ প্রকল্পে ভূমি অধিগ্রহণের কাজেও জমির মালিক ও অবৈধ দখলদারেরা বাধা দিচ্ছে। এতে প্রকল্প বাস্তবায়নের কাজ আর এগোয়নি। পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরে প্রকল্পসংশ্লিষ্ট বিভাগীয় প্রকৌশলী-২-এর কার্যালয় থেকে জানা গেছে, ২০১০ সালের অক্টোবর মাস থেকে ঈশ্বরদী-ঢালারচর ভায়া পাবনা রেলপথ প্রকল্পের কাজ শুরু হয়। এর আগে একই বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি পাস করা হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য ৯৮২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় পাবনার ঈশ্বরদীর মূলাডুলি রেলস্টেশন থেকে পাবনার বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত ৭৮ কিলোমিটার রেললাইন ও দুটি রেলস্টেশন নির্মাণ করা হবে। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর এ প্রকল্পের মেয়াদ শেষ হবে।ওই কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জমির মালিক ও অবৈধ দখলদারদের কারণে অধিগ্রহণের জন্য জমি জরিপ করা যাচ্ছে না। পাবনার গাছপাড়া ও পাবনা বাসটার্মিনাল এলাকাসহ অনেক জায়গায় রেলের লোকজন সঠিক সময়ে জরিপের কাজ করতে পারছেন না। গত মাসে কাশীনাথপুর ও মাসুমদিয়ায় জমি অধিগ্রহণের জন্য জরিপের কাজ করার সময় জমির মালিকেরা রেলওয়ের লোকজনদের কাজে বাধা দেন এবং তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়মানুযায়ী ঠিকাদার নিয়োগের কথা থাকলেও তা এখনো হয়নি। একই কার্যালয় সূত্রে জানা গেছে, জমির মালিকদের অসৌজন্যমূলক আচরণ ও দখলদারদের কারণে বর্তমানে প্রকল্পের পুরো জরিপকাজ কার্যত বন্ধ হয়ে আছে। অথচ চলতি বছরের জুন মাসের মধ্যে জরিপের কাজ শেষ করার কথা থাকলেও এখনো ১০ ভাগ শেষ হয়নি। এতে প্রকল্পটির গতি স্থবির হয়ে পড়েছে। এ ছাড়াও পর পর দুবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু সেই দরপত্র-প্রক্রিয়াও অজ্ঞাত কারণে বাতিল হয়ে যায়। বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আহম্মেদ মাসুম জানান, ‘জমির জরিপকাজ শেষ ও অধিগ্রহণ না হওয়া পর্যন্ত প্রকল্পটি সঠিক সময়ে শেষ হবে কি না, তা বলা যাচ্ছে না। বর্তমানে জরিপকাজ ব্যাহত হওয়ার কারণে প্রকল্পের পুরো কাজ পিছিয়ে যাচ্ছে। ফলে প্রকল্পের অগ্রগতি নিয়ে আমরা চিন্তিত।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে সংসদ নির্বাচনের সময় এক টেলি-কনফারেন্সে পাবনায় রেলপথ স্থাপনের প্রতিশ্রুতি দেন।