থমসনের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন সাংবাদিক
সরকারি তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ইনকোয়ারার অ্যাওয়ার্ড ২০১৩-১৪ পাচ্ছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন সাংবাদিক।
সংবাদপত্র বিভাগে বাংলাদেশে প্রথম আলোর প্রতিবেদক মোছাব্বের হোসেন, রেডিও বিভাগে এবিসি রেডিওর আমিন আল রশীদ ও টেলিভিশন বিভাগে শ্রীলঙ্কার হিরু টেলিভিশনের উপেন্দ্র হেরাথ এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। থমসন ফাউন্ডেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং শ্রীলঙ্কার কলেজ অব জার্নালিজম বিজয়ীদের নাম ঘোষণা করে। অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিরা লন্ডনে এক সপ্তাহের শিক্ষা সফরের সুযোগ পাবেন। এবারে এই প্রতিযোগিতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে ২৫০টি প্রতিবেদন জমা পড়েছিল।
এ ব্যাপারে থমসন ফাউন্ডেশনের উপপরিচালক (উন্নয়ন) ডেভিড কুইন বলেন, তিন সাংবাদিক সাহসিকতার সঙ্গে কাজ করেছেন এবং তাঁরা এ পুরস্কার পাওয়ার যোগ্য।
শ্রীলঙ্কার হিরু টেলিভিশনের উপেন্দ্র হেরাথ ভূমি চুক্তি নিয়ে অস্বচ্ছতা, প্রথম আলোর মোছাব্বের হোসেন মন্ত্রী-সাংসদদের আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স (আইজিডব্লিউ) ও রাজস্ব ফাঁকি নিয়ে এবং এবিসি রেডিওর আমিন আল রশীদ ঘূর্ণিঝড় আইলায় দেওয়া আন্তর্জাতিক সহায়তা তহবিলে দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছিলেন।
বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ।
এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘এই প্রক্রিয়ার অংশ হতে পেরে আমরা গর্বিত। জনগণের সামনে জবাবদিহি ও স্বচ্ছতা আনয়নে এ ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা আনে।’